বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন সিরাজগঞ্জের জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস। এ খবরে সোমবার দুপুরে সমর্থকদের মধ্যে আনন্দ বিরাজ করছিল। তবে বিকেলে লতিফ বিশ্বাস হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে সমর্থকদের মধ্যে উদ্বেগ বাড়তে থাকে।
সোমবার দুপুরে জেলা প্রশাসক সন্মেলন কক্ষে জেলা পরিষদ রিটার্নিং অফিসার জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা আব্দুল লতিফ বিশ্বাসকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে বিজয়ী ঘোষণা করেন। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু নুর মো. শামসুজ্জামান ও জেলা নির্বাচন অফিসার আব্দুর রহিম ঘোষণার সময় উপস্থিত ছিলেন।
লতিফ বিশ্বাসের বিজয়ে তার নিজ উপজেলা জেলার বেলকুচিসহ পুরো জেলাতে নেতাকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বইতে শুরু করেন। তবে হঠাৎ আনন্দ উদ্বেগে পরিণত হয়। গত কয়েকদিনের শ্বাসকষ্টের কারণে তিনি অসুস্থ ছিলেন। বেলকুচির কামারপাড়ায় সোমবার দুপুরে নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হলে তাকে প্রথমে খাজা ইউনুস আলী (র.) হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবণতি হলে উন্নত চিকিৎসার জন্য বিকেলে হেলিকপ্টার যোগে তাকে ঢাকার পাঠানো হয়। আর এ কারণে জেলায় বিশ্বাসের সমর্থক ও দলীয় নেতাকর্মীদের মধ্যে এ ধরনের উদ্বেগ ও উৎকন্ঠা দেখা যায়।
লতিফ বিশ্বাসের মেয়ে জামাতা সাজেদুল রহমান বিশ্বাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঠাণ্ডার কারণে শ্বাসকষ্ঠ বেড়ে যাওয়ায় দুপুরে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার পর বিকেলে হেলিকপ্টার যোগে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন।’
/এসএনএইচ/








