বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত হলো আজ বুধবার (১৪ ডিসেম্বর)। ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধে মাতৃভূমির জন্য প্রাণ উৎসর্গ করেছিলেন তিনি। বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর ফাউন্ডেশন এ দিনটি স্মরণ করতে নানা কর্মসূচি পালন করেছে।
বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের জন্মভূমি বরিশালের বাবুগঞ্জে সকাল দশটায় র্যালি বের করা হয়। গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র্যালি শেষ হয় ইসলামী প্রি-ক্যাডেট স্কুলে। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা বীর প্রতীক রতন আলী শরীফ। বিশেষ অতিথি ছিলেন বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম। ইসলামী প্রি-ক্যাডেট স্কুলের চেয়ারম্যান শেখ নজরুল ইসলাম মাহবুবের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীরশ্রেষ্ঠের সহোদর ও ফাউন্ডেশনের সভাপতি মো. মনজুর রহমান বাচ্চু।
আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, ‘বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর আমাদের গর্ব।’ বাবুগঞ্জের প্রতিটি প্রতিষ্ঠানে প্রশাসনের উদ্যোগে বীরশ্রেষ্ঠের শাহাদত বার্ষিকী পালনের প্রথা চালু করার দাবি জানান তিনি।
সভায় বক্তারা বলেন, বীরশ্রেষ্ঠসহ সব বীর মুক্তিযোদ্ধারাই একটি অসাম্প্রদায়িক, স্বাধীন, সার্বভৌম সোনার বাংলা ও বৈষম্যহীন, শোষণমুক্ত সমাজ গড়ার স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলেন। তাদের সেই স্বপ্ন বাস্তবায়নের জন্যে আমাদেরও সংগ্রাম অব্যাহত রাখতে হবে।
/টিআর/








