জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, দেশের স্বাধীনতায় সাংবাদিকদের ভূমিকা অস্বীকার করার কোনও উপায় নেই। আমরা অস্বীকারও করি না। বাঙালি অকৃতজ্ঞ জাতি নয়।
আজ রবিবার (১৮ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের চার দশক পূর্তি উৎসবের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে এই উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ডেপুটি স্পিকার বলেন, ‘বঙ্গবন্ধুর ছয় দফা দাবিসহ স্বাধীনতার ঘোষণা গণমাধ্যমের সুবাদেই জাতি জানতে পেরেছিল। এখনও সাংবাদিকরা দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মো. মোজাম্মেল হোসেন, বাগেরহাট -২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম লিটন, সংরক্ষিত মহিলা আসন-১১-এর সংসদ সদস্য হ্যাপী বড়াল, বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় প্রমুখ।
বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট শাহ আলম টুকু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক সভাপতি অধ্যাপক এবিএম মোশাররফ হোসেন, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ড. এ কে আজাদ ফিরোজ টিপু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য কয়েকজনকে স্মারক প্রদান করা হয়।
এর আগে সকালে প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বাগেরহাট শহর প্রদক্ষিণ করে একটি র্যা্লি। পরে প্রেসক্লাবে জাতীয় ও প্রেসক্লাবের পতাকা উত্তোলন করা হয়।
/টিআর/








