খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনে কোনও অপ্রিতিকর ঘটনা এড়াতে চট্টগ্রামের গির্জাগুলোতে নিরাপত্তা জোরদার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
পুলিশ সূত্র জানিয়েছে, আগামী ২৫ ডিসেম্বর চট্টগ্রামের বিভিন্ন জায়গায় ১৭টি গির্জায় খ্রিস্টান সম্প্রদায় বড়দিন পালন করতে যাচ্ছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও শান্তিপূর্ণভাবে বড় দিন পালন করতে ইতোমধ্যেই গির্জা কর্তৃপক্ষ সব প্রস্তুতি সম্পন্ন করেছে।
সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) দেবদাস ভট্টাচার্য বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বড়দিন উপলক্ষে পুলিশ এবং গোয়েন্দা সংস্থার লোকজন সতর্ক আছে। এছাড়া বড়দিনে কোনও প্রকাশ অপ্রিতিকর ঘটনা এড়াতে প্রতিটি গির্জায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হবে।’
তিনি আরও বলেন, ‘পোশাক পরিহিত পুলিশের পাশাপাশি ওইদিন মাঠে সাদা পোশাকের পুলিশ এবং গোয়েন্দা সংস্থার লোকজনও নিয়োজিত থাকবে। এছাড়া পুলিশ ইতোমধ্যে গির্জা কর্তৃপক্ষকে নিরাপত্তা জোরদার করার জন্য কিছু নির্দেশনা দিয়েছে। তারপরও ওইদিন গির্জার আশপাশে চেকপোস্ট বসানো হবে।’
বিভিন্ন গির্জা সূত্রে জানা গেছে, প্রতিটি গির্জার নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। অনুষ্ঠানের দিন দর্শনার্থীদের গির্জার ভেতরে প্রবেশে বাধা নিষেধ থাকবে। এছাড়া বড়দিন উপলক্ষে নগরীর বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্ট সাজানো হয়েছে।
/এসএনএইচ/








