গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ওমর আলী (৬২) নামে ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক বন্দির মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৪ ডিসেম্বর) সকালে তিনি অসুস্থ হয়ে পড়ার পর তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কারাগারের ঊর্ধ্বতন কর্মকর্তা এ খবর নিশ্চিত করেছেন।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওমর আলী সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে কারা হাসপাতালে ও পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসাপাতলে পাঠানো হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।’
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসাপাতলের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওমর আলীকে হাসপাতালে মৃত অবস্থাতেই আনা হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছি।’
কারাগার সূত্রে জানা যায়, নিহত ওমর আলী নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার মধ্যসাদী এলাকার রস্তম আলীর ছেলে। আড়াইহাজার থানায় দায়ের করা ১৯৯৮ সালের একটি খুনের মামলায় আদালত ২০০৯ সালে ওমর আলীকে ফাঁসির দণ্ড দেন। ওমরকে এ বছরের জুনে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।
/টিআর/








