১০ টাকার চালের কার্ড থেকে নাম কাটা পড়লো যশোরের মণিরামপুরের সেই কোটিপতি ব্যবসায়ী তরিকুলের। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তার নামে বরাদ্দকৃত কার্ডটি হেফাজতে নেয় প্রশাসন। মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান এবং রোহিতা ইউনিয়ন পরিষদের সচিব কৃষ্ণগোপাল মুখার্জী বিষয়টি নিশ্চিত করেছেন।
ইউএনও কামরুল হাসান জানান, রোহিতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে তরিকুল ইসলাম নামের একজন ধনী ব্যবসায়ীর নামে গরিবদের জন্য বরাদ্দকৃত ১০ টাকার চালের কার্ড ইস্যু হয়েছে। গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হওয়ার পর সংশ্লিষ্ট ইউনিয়নের সচিবকে ওই কার্ডটি হেফাজতে নেওয়ার নির্দেশ দেয়া হয়। তালিকা হতে তার নাম বাদ দিয়ে সেখানে একজন ভিখারির নাম যুক্ত করতে বলা হয়েছে।
তিনি বলেন, ‘শুক্রবার রাতে তরিকুলের নামে ইস্যুকৃত কার্ডটি নিয়ে নেওয়া হয়েছে বলে সচিব আমাকে নিশ্চিত করেছেন।’
রোহিতা ইউনিয়ন পরিষদের সচিব কৃষ্ণগোপাল মুখার্জী বলেন, শুক্রবার সন্ধ্যার পর ইউএনও স্যার আমাকে তরিকুলের কার্ডটি সিজ করার কথা বলেন। এরপর স্থানীয় গ্রাম পুলিশ সদস্য আলম হোসেনকে তরিকুলের বাড়ি পাঠানো হয়। আলম হোসেন রাত সাড়ে ৯টার দিকে তরিকুলের কার্ডটি তার হেফাজতে নেন।
প্রসঙ্গত, যশোরের মণিরামপুর উপজেলার জলকর রোহিতা গ্রামের আক্কাস আলীর ছেলে তরিকুল ইসলাম একটি ইটভাটার মালিক। রোহিতা ইউনিয়নের বড় সার ডিলারদের মধ্যে তিনি একজন। তাছাড়া ৩/৪টি মাছের ঘেরও রয়েছে তার। স্থানীয় একজন আওয়ামী লীগনেতা এই ধনী ব্যবসায়ীর নামে কার্ডটি ইস্যু করেন। এরপর তিনি ওই কার্ডের মাধ্যমে দু’দফায় ৬০ কেজি চালও উত্তোলন করেন।
এ বিষয়ে বাংলা ট্রিবিউনসহ স্থানীয় নানা পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এরপরই বিষয়টি প্রশাসনের দৃষ্টিগোচর হয়।
/এমপি/








