প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় পা দিয়ে লিখেই এ গ্রেড পেয়েছে ঘাটাইলের প্রতিবন্ধী চান মিয়া। ঘাটাইল প্রতিবন্ধী বিদ্যালয় থেকে পিএসসি পরীক্ষায় অংশ নেওয়া চান মিয়ার গ্রেড পয়েন্ট ৪.২৫। তার এই সাফল্যে উচ্ছ্বসিত আত্মীয়-স্বজনসহ শিক্ষকরা।
চান মিয়া টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিগড় ইউনিয়নের গারট্র গ্রামের প্রবাসী ফজলুল হকের ছেলে। তার মায়ের নাম রত্না বেগম। শারীরিকভাবে প্রতিবন্ধী হওয়ায় চান মিয়া সাধারণ বিদ্যালয়গুলোতে পড়ালেখা করতে পারেনি। তাই বলে দমেও যায়নি সে। ভর্তি হয় প্রতিবন্ধী বিদ্যালয়ে। মনের জোর আর পরিবারের সহায়তায় পিএসসি পরীক্ষায় সে এই সাফল্য অর্জন করেছে।
ছেলের এই সাফল্যে অত্যন্ত আনন্দিত চান মিয়ার মান রত্না বেগম। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ও প্রতিবন্ধী হয়েও পরীক্ষায় এ গ্রেড পেয়েছে। এতে আমি খুশিতে আত্মহারা। ওর বাবাও এই ফলাফলে খুবই খুশি। তিনি বিদেশ থেকে ফোন করে ছেলের লেখাপড়া চালিয়ে যেতে আরও উৎসাহ দিয়েছেন। আমাদের ইচ্ছা, ছেলে যতদিন পড়ালেখা করতে চায় ততদিন তার লেখাপড়া চালিয়ে যাব। লেখাপড়া শিখে সে স্বাবলম্বী হোক, এটাই আমাদের প্রত্যাশা।’
প্রতিবন্ধী চান মিয়ার স্বপ্ন, লেখাপড়া করে বড় হয়ে সে শিক্ষক হবে।
চান মিয়ার শিক্ষা প্রতিষ্ঠান ঘাটাইল প্রতিবন্ধী বিদ্যালয়ের চেয়ারম্যান মো. রফিকুল বারী খান বলেন, ‘এ বছর আমাদের বিদ্যালয় থেকে প্রথমবারের মতো প্রাথমিক সমাপনী পরীক্ষায় শিক্ষার্থীরা অংশ নেয়। তাদের সবাই পরীক্ষায় ভালো করেছে। বিশেষ করে চান মিয়ার ফলাফল সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। আশা করি, আমাদের এ সাফল্যের ধারা অব্যাহত থাকবে।’
ঘাটাইলের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কাশেম মুহাম্মদ শাহীন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রতিবন্ধী হিসেবে চান মিয়ার অর্জন অন্যান্য প্রতিবন্ধীদের লেখাপড়ায় উৎসাহ জোগাবে। তার এ সাফল্য অব্যাহত থাকুক, এই প্রার্থনা করি।’
/টিআর/








