দিনাজপুরের নবাবগঞ্জে যাত্রীবাহী বাস ও বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ৬টার দিকে নবাবগঞ্জ উপজেলার রত্নাপুকুর নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে নিহতরা হলেন বাসটির চালক নওগাঁ জেলার ভান্ডার গ্রামের আব্দুস সালাম (৪৫), বাসের একজন যাত্রী দেবব্রত সাহা (৪২) ও ট্রাকটির চালক ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলা শহরের ঝন্টু মিয়া (৪২)।
নবাবগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল হাকিম আজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকালে ওই এলাকায় দিনাজপুর থেকে ছেড়ে যাওয়া বাবলু এন্টারপ্রাইজের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।’ পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থল থেকে যানবাহনগুলো অপসারণ করা হয়েছে বলে জানান তিনি।
আব্দুল হাকিম আরও জানান, মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
/টিআর/








