ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে হামলার ঘটনায় অন্যতম সন্দেহভাজন হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখিকে রাজধানী থেকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাকে ব্রাহ্মণবাড়িয়ায় আনা হয়। বর্তমানে তিনি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পুলিশের হেফাজতে রয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিন জানান, ‘বৃহস্পতিবার সকালে রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে স্থানীয় পুলিশের সহায়তায় চেয়ারম্যান আঁখিকে গ্রেফতার করা হয় । পরে সেখানে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পর ব্রাহ্মণবাড়িয়া গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করে।পরে তাকে রাতে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসা হয়। আগামীকাল সকালে চেয়ারম্যান আঁখিকে জিজ্ঞাসা বাদের জন্য রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।’
ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, ‘কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে রাজধানী থেকে আঁখিকে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসা হয়েছে। তিনি দীর্ঘদিন যাবৎ গা ঢাকা দিয়েছিলেন । তিনি নাসিরনগরে হিন্দুদের বাড়ি ও মন্দিরে হামলার ঘটনার মূল হোতাদের একজন। ইতোপূর্বে গ্রেফতার হওয়া হরিপুর বাজারের আল আমীন সাইবার ক্যাফের মালিক জাহাঙ্গীর আলম, চেয়ারম্যান আঁখির অন্যতম সহযোগী হাজী বিল্লাল, হীরা মোল্লা,সৈয়দ মাহবুব হাসান ঘটনার স্বাক্ষি ট্রাক মালিক নরুল ইসলাম,চালক আহাদ মিয়া এবং পারভেজ খান আদালতে দেওয়া ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। এসময় হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখির জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আগামীকাল জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হবে।
ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ‘নাসিরনগরের ঘটনায় হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখি ছাড়াও ঘটনার সঙ্গে জড়িত মূল হোতাদের আরও কয়েকজন রয়েছেন। তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে।’
গত ২ জানুয়ারি সোমবার চেয়ারম্যান আঁখির ব্যক্তিগত সহকারী উত্তম কুমার দাস (২৫) ও হরিপুর ইউনিয়ন পরিষদের সচিব মনোরঞ্জন দেবনাথকে (৪০) আটক করে পুলিশ। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। দুই সহযোগীকে আটক করার চার দিনের মাথায় ধরা পড়লেন চেয়ারম্যান আঁখি। তিনি জেলা যুবলীগের কমিটির সাবেক সদস্য ।
উল্লেখ্য, গত বছরের ২৯ অক্টোবর হরিপুর গ্রামের রসরাজ দাসের ফেসবুক থেকে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ এনে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরের বেশ কয়েকটি হিন্দুপাড়ায় হামলা চালায় একদল দুর্বৃত্তরা। এ সময় হিন্দু সম্প্রদায়ের ১০টি মন্দির ভাঙচুরসহ শতাধিক বাড়িঘরে হামলা, ভাঙচুর এবং লোটপাট করা হয়। এ ঘটনায় মোট ৮টি মামলায় আখিঁসহ ১০৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
/এসএনএইচ/








