নানা আয়োজনের মধ্যদিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় অ্যালামনাই ডে উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে ক্যাম্পাসে বসেছিল নবীন-প্রবীণের মিলনমেলা। বর্ণিল সাজে সেজেছিল পুরো ক্যাম্পাস। গতকাল ১২ জানুয়ারি ৪৭ বছরে পা দিয়েছে দেশের অন্যতম এই উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। তাই মিলনমেলায় যোগ হয়েছিল বাড়িত উন্মাদনা। দিনভর উচ্ছ্বাসে মেতেছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
শুক্রবার সকাল ১০টায় বিজনেস স্ট্যাডিজ অনুষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে অ্যালামনাই ডে’র উদ্বোধন করেন অ্যালামনাই অ্যাসোসিয়শনের প্রধান পৃষ্ঠপোষক ও উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।
এ সময় উপাচার্য বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমাদের প্রাণের বিশ্ববিদ্যালয়। তাই বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে অ্যালামনাই ডে মিলনমেলা আমাদের সবাইকে আলোড়িত ও আন্দোলিত করে। এই অনুষ্ঠান ঘিরে বর্তমান ও প্রাক্তনদের মাঝে সুন্দর ও সুদৃঢ় সম্পর্ক গড়ে উঠে। বিম্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণা ও সংস্কৃতি চর্চায় এ ধরনের অনুষ্ঠান খুবই ইতিবাচক প্রভাব ফেলে।’
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে অ্যালামনাসরা অবদান রাখবেন।’
উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক।
উদ্বোধনী অনুষ্ঠানের পর বিজসেম স্ট্যাডিজ অনুষদ চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য ‘আনন্দ শোভাযাত্রা’ বের হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে সেলিম আল দীন মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে মুক্তমঞ্চে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ব্যাচে ভর্তি হওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বেলা ১২টায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়। দুপুর আড়াইটায় স্মৃতিচারণ অনুষ্ঠানে স্মৃতির ঝাঁপি খুলে বসেন সাবেক শিক্ষার্থীরা। বিকেল পাঁচটায় মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত হয় র্যাফেল ড্র।
/এসএনএইচ/








