তালাক দেওয়াকে কেন্দ্র করে সাবেক স্বামীর ছুরিকাঘাতে সুলতানা পারভীন (২৪) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার রাতে খুলনা মহানগরীর মুন্সিপাড়া তৃতীয় গলিতে এ ঘটনা ঘটে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এ হত্যার ঘটনা নিশ্চিত করেছেন।
নিহতের মা রাহেলা বেগম জানান, দেড় মাস আগে নূরুল হকের সঙ্গে তার মেয়ে সুলতানার বিয়ে হয়। এটি ছিল সুলতানার দ্বিতীয় বিয়ে । বিয়ের পর থেকেই যৌতুকের জন্য নির্যাতন ও নানা কারণে পারিবারিক অশান্তি তৈরি হয়। এ কারণে ১২ দিন আগে সুলতানা নূরুল হককে ডিভোর্স দেয়। এতে ক্ষিপ্ত হয়ে শনিবার রাত সাড়ে ৯ টার দিকে নূরুল হক ধারালো ছুরি দিয়ে সুলতানাকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত সোয়া ১০টার দিকে চিকিৎসকরা সুলতানাকে মৃত ঘোষণা করেন।’
রাহেলা বেগম জানান, সুলতানা একটি কাপড়ের দোকানে সেলসম্যানের চাকরি করতেন। আর নূরুল হক স্থানীয় মতিয়াখালী স্কুলের দফতরি।
ওসি মো. শফিকুল ইসলাম বলেন,‘ছুরিকাঘাতের পর ওই নারীকে প্রথমে খুলনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। এ হত্যার জন্য সুলতানার সাবেক স্বামী নূরুল হককে দায়ী করেছেন তার পরিবারের সদস্যরা। ঘটনার পর থেকে নূরুল হক পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।’
/এপিএইচ/
আরও পড়ুন: ঢাকায় কফি আনান কমিশনের প্রতিনিধি দল








