নিরাপদ শহর বিনির্মান ও জননিরাপত্তা সুরক্ষায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ১৭টি গুরুত্বপূর্ণ স্থানে ৬৫টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নগর ভবন সম্মেলন কক্ষে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী মহানগর পুলিশের কমিশনার শফিকুল ইসলাম ও রাজশাহী সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম।
নিযাম উল আযীম বলেন, ‘রাজশাহী শান্তির নগরী। এ নগরীর মানুষ ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ। বিশ্বের উন্নত শহরের ন্যায় এখানকার মানুষের জীবনমান বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত রয়েছে। দেশের অন্য শহরের তুলনায় এখানে বসবাসের জন্য খুবই উপযোগী আবহাওয়া বিরাজ করে। ফলে এখানে রয়েছে শান্তির প্রবাহ।’
তিনি আরও বলেন, ‘নগরবাসীর নিরাপত্তা বিধানে ৬৭ লাখ ৫৫ হাজার টাকা ব্যয়ে রাজশাহী সিটি করপোরেশন সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে। যা নগরবাসীর দৈনন্দিন জীবনকে আরও গতিশীল করবে। নগরীর নিরাপত্তা বিধান ও অপরাধ প্রবণতা দমনে রাসিক এ উদ্যোগ গ্রহণ করেছে। যার সুফল নগরবাসী ইতোমধ্যে পেতে শুরু করেছে। এর ফলে সম্প্রীতি নগরীর নওদাপাড়া আরবান প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার হতে হারিয়ে যাওয়া শিশুটি উদ্ধার করা সম্ভব হয়েছে।’
/এসএনএইচ/








