উৎপাদনশীল কোল ফেসে’র (নির্গমন মুখ) মজুদ শেষ হয়ে যাওয়ায় দিনাজপুরের বড় পুকুরিয়া খনির কয়লা উত্তোলন বন্ধ হয়ে গেছে।
বড় পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হাবিব উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মজুদ শেষ হয়ে যাওয়ার ফলে কয়লা উত্তোলন বন্ধ ঘোষণা করা হয়েছে। কোনও ত্রুটি-বিচ্যুতি না ঘটলে নতুন করে কোল ফেস তৈরি করে পুনরায় উৎপাদনে যেতে সময় লাগবে প্রায় দেড় মাস।
তিনি জানান, প্রায় ৬ মাস ধরে খনির ১ হাজার ২১৪ নং ফেইস থেকে কয়লা উত্তোলন হচ্ছিল। ওই ফেস থেকে প্রায় ৬ লাখ মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়েছে। জানুয়ারির ৩১ তারিখে ওই ফেসের মজুদ শেষ হয়ে যায়। যার ফলে কয়লা উত্তোলন বন্ধ ঘোষণা করা হয়েছে। কয়লা উত্তোলন পুনরায় শুরু করতে এরইমধ্যে ওই ফেসের যন্ত্রপাতি তুলে নতুন করে ১ হাজার ২০৭ নং ফেস তৈরি করা হচ্ছে। সেখান থেকে কয়লা উত্তোলন শুরু হতে সময় লাগবে প্রায় দেড় মাস। নতুন ফেসটিতে কয়লার মজুদ রয়েছে ৫ থেকে ৬ লাখ মেট্রিক টন।
তিনি জানান, এরই মধ্যে কোল ইয়ার্ডে প্রায় ২ লাখ মেট্রিক টন কয়লা মজুদ রয়েছে। যা দিয়ে পার্শ্ববর্তী কয়লা ভিত্তিক ২৫০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রটি’র দুটি ইউনিট প্রায় ৪ মাস সচল রাখা সম্ভব।
আরও পড়তে পারেন : কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, পুলিশ সদস্য নিহত
/জেবি/








