সিরাজগঞ্জের শাহজাদপুরে পৌর মেয়রের গুলিতে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছেন সাংবাদিকরা।
রবিবার সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম প্রেসক্লাব চত্বরের সামনে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন অনলাইন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। এ সময় কুড়িগ্রামের সাংবাদিক নেতারা বলেন, দেশে প্রতিনিয়ত সাংবাদিক নির্যাতনের ঘটনা বেড়ে চলছে। ফলে সাংবাদিকদের কর্মক্ষেত্র ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আগেও অনেক সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় এ ধরণের সহিংস ঘটনা ঘটছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
একই দিন বেলা ১১টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাব, সাংবাদিক সমিতি, সমকাল সুহৃদের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা শিমুলের হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মানিকগঞ্জে প্রেসক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধনে প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানুর সভাপতিত্বে বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাংবাদিক সমিতির সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক শাহজাহান বিশ্বাস, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সহ-সম্পাদক শহীদুল ইসলাম সুজন, বারসিকের সমন্বয়কারী বিমল রায়, নজরুল ইসলাম প্রমুখ।
সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদ, খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে লক্ষ্মীপুর জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা। রবিবার বেলা ১১টা থেকে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি করেন তারা।
মানববন্ধনে মাই টিভির জেলা প্রতিনিধি আলী হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সময় টিভির জেলা প্রতিনিধি মাহবুবুল ইসলাম ভূঁইয়া, নিউজ টোয়েন্টিফোর ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সাইদুল ইসলাম পাভেল, চ্যানেল টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম স্বপন, দেশ টিভির জেলা প্রতিনিধি কামাল হোসেন, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি মাজহারুল আনোয়ার টিপু, আামাদের সময়ের জেলা প্রতিনিধি মো. জহির উদ্দিন, সমকালের জেলা প্রতিনিধি আতোয়ার রহমান মনির প্রমুখ।
মানববন্ধনে স্থানীয় সংবাদকর্মীরা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে অবিলম্বে সাংবাদিক হত্যাকারী খুনিদেরকে গ্রেফতারের দাবি জানান।
শিমুলের গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনা ও তাকে হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায়ও মানববন্ধন এবং বিক্ষোভ করেছে সর্বস্তরের সাংবাদিকরা। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এখানে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, দৈনিক সমকালের স্টাফ রির্পোটার আব্দুন নূর, এটিএন নিউজের ব্যুরো চীফ পীযূষ কান্তি আচার্য প্রমুখ।
বক্তারা উল্লেখ করেন, সম্প্রতি এটিএন নিউজের রিপোর্টার ও ক্যামেরা পারসনকে কোনও কারণ ছাড়াই বেধড়ক পিটিয়ে আহত করেছে পুলিশ। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই সিরাজগঞ্জের শাহজাদপুরে পৌর মেয়র গুলি করে আবদুল হাকিম শিমুলকে হত্যা করলো। তারা এই হত্যার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ ছাড়া রাজবাড়ী, ফরিদপুর, লালমণিরহাট, কুষ্টিয়া, বাগেরহাটেও স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে শিমুল হত্যার ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সিরাজগঞ্জের শাহজাদপুরে পৌর মেয়রের ছোঁড়া গুলিতে নিহত হন দৈনিক সমকালের স্থানীয় প্রতিনিধি আবদুল হামিদ শিমুল।
/জেএইচ/এসএনএইচ/








