হবিগঞ্জের অলিপুরে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত প্রাণ-আরএফএল গ্রুপের কারখানায় হাইড্রোজেন অক্সাইডের ড্রাম বিস্ফোরণ হয়ে ছয় শ্রমিক বিষাক্রান্ত হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, শায়েস্তাগঞ্জের অলিপুরে প্রতিষ্ঠানটির কারখানায় হবিগঞ্জ টেক্সটাইল স্টোর নামের কক্ষে কাজ করার সময় হঠাৎ হাইড্রোজেন অক্সাইড কেমিক্যালের একটি ড্রাম বিস্ফোরণ হয়। মুহূর্তের মধ্যেই চারদিকে তা ছড়িয়ে পড়ে। এতে ছয় শ্রমিক বিষাক্রান্ত হয়। পরে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে।
প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি ঘটলে রাত সাড়ে ৯টার দিকে আহত শ্রমিকদেরকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অসুস্থ শ্রমিকরা বাংলা ট্রিবিউনকে জানান, হাইড্রোজেন অক্সাইডের ড্রাম বিস্ফোরণে তারা বিষাক্রান্ত হয়েছেন।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: রাজিব চৌধুরী বাংলা ট্রিবিউনকে জানান, ছয় শ্রমিকেরই অবস্থা আশংকাজনক। সবাই বিষাক্রান্ত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেটে প্রেরণ করা হয়েছে।
তবে প্রাণ-আরএফএল গ্রুপের স্থানীয় জনসংযোগ কর্মকর্তা (মিডিয়া) হুমায়ূন আহমেদ বাংলা ট্রিবিউনের কাছে দাবি করেন, ‘হাইড্রোজেন অক্সাইডের ড্রাম বিস্ফোরণ হয়নি। আমাদের ধারণা, কেমিক্যাল পাইপ লিকের কারণে বিকট শব্দ হওয়ায় শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েন। যথাযথ চিকিৎসা নেওয়ায় এখন তারা সবাই সুস্থ আছেন।’
/জেএইচ/








