গাজীপুরের কালীগঞ্জে ব্রাহ্মনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ-আল মামুনের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি ওই বিদ্যালয়ে যান। রবিবার দুপুরে লাঞ্ছিত উপজেলা শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।
উপজেলা শিক্ষা অফিসার শামীম আহমেদ জানান, ‘রবিবার দুপুরে ব্রাহ্মনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে গিয়ে দেখা যায় নির্দিষ্ট সময়ের অনেক আগে স্কুল ছুটি হয়ে গেছে। প্রধান শিক্ষক আব্দুল্লাহ-আল মামুনকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি শিক্ষা অফিসারের ওপর চড়াও হন এবং মারতে উদ্যত হন।’
জানা গেছে, ঘটনা নিয়ন্ত্রণে স্কুলের দুই সহকারী শিক্ষক এগিয়ে আসেন। পরে তিনি পরিদর্শন বইতে ঘটনার কথা উল্লেখ করে স্বাক্ষর করে চলে আসেন। কিন্তু ওই প্রধান শিক্ষক উল্টো তার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্যারের কাছে লিখিত অভিযোগ করেন।
আরও জানা গেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হয়েও তিনি উপজেলার জামালপুর গ্রামে ইকরা ইসলামীয়া একাডেমি নামের একটি মাদরাসা, চুপাইর গ্রামে লিটল স্টার নামের একটি কিন্ডারগার্টেন স্কুল ও দোলান বাজারে একটি মোবাইল ফেনের দোকান পরিচালনা করেন। পাশাপাশি তিনি গ্রামীন ফোনের স্থানীয় এজেন্ট। আর এত কিছুর প্রমাণ পাওয়া পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার খবর শুনে ওই শিক্ষক স্থানীয় কয়েকজন শিক্ষককে নিয়ে ষড়যন্ত্র শুরু করে।
অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক আব্দুল্লাহ-আল মামুন জানান, ‘যেসব প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে সেগুলো আমার ব্যক্তিগত না, আমার পারিবারিক প্রতিষ্ঠান।’
/এসএনএইচ/








