ট্রাভেল পারমিটের মাধ্যমে ফেরত আনা হলো তিন বছর আগে অবৈধ পথে ভারতে গিয়ে আটকে পড়া ১২ বাংলাদেশি নারীকে। বৃহস্পতিবার (২ মার্চ) বিকাল ৫টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।
ফেরত আসা নারীদের মধ্যে তিনজনের বাড়ি যশোরে। তারা হলেন— শার্শা উপজেলার বাগআঁচড়ার মৃত সাহেব আলীর মেয়ে ফুলবানু (২৫), নওয়াপাড়ার কুদ্দুস মোল্লার মেয়ে নীপা খাতুন (২৬) ও লিমা খাতুন (২২)। ঢাকার সাভারের আছেন দু’জন। তারা হচ্ছেন আব্দুর রাজ্জাকের মেয়ে রূপা খাতুন (২৭) ও সিদ্দিক হাওলাদারের মেয়ে সীমা খাতুন (২৪)।
বাকিদের পরিচয় হলো— রাজবাড়ীর গোয়ালন্দের মৃত শহিদ খানের মেয়ে সাথী খান (২০), শ্রীপুরের সিরাজুল ইসলামের মেয়ে সোনিয়া খাতুন (২২), খাগড়াছড়ির বারিক শেখের মেয়ে নারগিস শেখ (২৬), সিরাজগঞ্জের সাত্তার শেখের মেয়ে কল্পনা খাতুন (২২), ময়মনসিংহের গৌরীপুরের তাজুল শেখের মেয়ে শিল্পী থাতুন (২৩), খুলনার খালিশপুরের আব্দুল খায়েরের মেয়ে মুন্নি খাতুন (২৫), নড়াইলের কালিয়া এলাকার নূর মোহাম্মদের মেয়ে আদুরী খাতুন (২৫)।
২০১৪ সালে অবৈধ পথে ভারতে যান ওই নারীরা। মহারাষ্ট্রের বিভিন্ন হোটেল ও বাসাবাড়িতে কাজ করার সময় দেশটির পুলিশ সদস্যরা তাদের আটক করে। পরে সেখানকার একটি এনজিও তাদের ছাড়িয়ে নিয়ে নিজেদের হেফাজতে রাখে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হাসান বাংলা ট্রিবিউনকে জানান, ফেরত আসা নারীদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে। কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে মানবাধিকার সংস্থা ‘যশোর রাইটস’ তাদের আহসানিয়া মিশনের হেফাজতে রেখে নিজ নিজ পরিবারের কাছে বুঝিয়ে দেবে।
/এমএ/জেএইচ/








