প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে বিএনপি নির্বাচনে যাবে না বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ ছায়া সরকারের অধীনেই হতে হবে। আওয়ামী লীগকে ছায়া সরকার গঠনে বাধ্য করা হবে।’
শনিবার বিকাল সাড়ে ৫টায় লালমনিরহাটের আদিতমারীতে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি শেখ হাসিনার সরকারের কঠোর সমালোচনা করে বলেন,‘দেশে কোনও গণতন্ত্রণ নেই। বিএনপি একটি বড় রাজনৈতিক দল। অথচ প্রকাশ্যে এ দলের দ্বি-বার্ষিক সম্মেলন করা যায় না।’ প্রশাসনের কর্মকর্তাদের সতর্ক করে তিনি বলেন, ‘আপনারা জনগণের ট্যাক্সের টাকায় বেতন নেবেন আর আওয়ামী লীগের গোলামী করবেন তা হতে দেওয়া হবে না। সময়ই বলে দেবে আপনাদের কীর্তির কথা।’
সারাদেশে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই স্থগিত করায় হাইকোর্টকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগ করলেই মুক্তিযোদ্ধা, আর বিএনপি করায় তাদের বাদ দেওয়ার চক্রান্ত চলছে ‘ এসব বন্ধ করার দাবি জানান তিনি।
আদিতমারী উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আমিনুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা বিএনপির সাধারন সম্পাদক হাফিজুর রহমান বাবলা, সাবেক সাধারন সালেহ উদ্দিন আহম্মেদ হেলাল, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ইউপি চেয়ারম্যান ছালেকুজ্জামান, লালমনিরহাট সদর উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান একেএম মমিনুল হক, আদিতমারী উপজেলা চেয়ারম্যান আইয়ুব আলী, লালমনিরহাট জেলা ছাত্রদলের সভাপতি ও ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ লিমন, সাধারন সম্পাদক আনিসুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুর রহমান হাবিব, আদিতমারী উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রউফ রুবেল প্রমুখ।
/এমএ/ এপিএইচ/








