রংপুর চিনিকলের আওতাধীন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জের ইক্ষু খামারে আখ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় পুলিশ ও রংপুর সুগার মিলের কর্তৃপক্ষের দায়ের করা মালমায় আদালতে হাজির হয়ে সাঁওতালসহ ৭১ জন জামিন আবেদন করেছেন। রবিবার বিকেলে গাইবান্ধা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতে আইনজীবীর মাধ্যমে তারা জামিনের আবেদন করেন।
আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম বাবু বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গত ৬ নভেম্বর আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও মিল কর্তৃপক্ষের সঙ্গে বাঙালি ও সাঁওতালদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ও মিল কর্তৃপক্ষ বাঙালি ও সাঁওতালদের বিরুদ্ধে ৪টি মামলা দায়ের করে।’
তিনি আরও জানান, ‘চারটি মামলায় সাঁওতালসহ ৭১ জন গত ২২ ডিসেম্বর উচ্চ আদালত জামিনের আবেদন করেন। পরে বিজ্ঞ আদালত তাদের ছয় সপ্তাহের (৪২ দিন) জামিন মঞ্জুর করে নিম্ন আদালতে আত্মসমর্পনের নির্দেশ দেন। আদালতের নির্দেশ মতো ওই ৭১ জন গাইবান্ধা চিফ জুডিশিয়াল আদালতে জামিনের জন্য আবেদন করেছেন।’
বিকেলে আদালতে তাদের জামিনের বিষয়ে শুনানি হবে বলে জানিয়েছে কোর্ট পুলিশ।
/এসএনএইচ/








