খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শনিবার (১১ মার্চ) দিনব্যাপী অনুষ্ঠিত হবে ক্যারিয়ার ফর ইয়ুথ বিষয়ক ‘ইয়ুথ সামিট’। ‘এইম হাই-থিঙ্ক হাই’ প্রতিপাদ্য নিয়ে শনিবার সকাল সাড়ে ৯টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
কুয়েটের জনসংযোগ ও তথ্য শাখার সেকশন অফিসার মনোজ কুমার মজুমদার বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
সম্মেলনে মূলবক্তা হিসেবে থাকবেন সেলস মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্ট স্পেশালিস্ট শাম শওকত হোসেন এবং অতিথি বক্তা কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, পিএসসি’র সাবেক চেয়ারম্যান ইকরাম আহমেদ, বিটিভি’র সাবেক মহাপরিচালক ম. হামিদ, এস্যুরেন্স-মনি গ্রুপের চেয়ারম্যান গিয়াস উদ্দীন খান এবং এনসিসি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম হাফিজ আহমেদ।সংগীত পরিবেশন করবেন গাজী মেডিক্যাল কলেজের চেয়ারম্যান ডা. গাজী মিজানুর রহমান।
ইয়ুথ সামিটে কুয়েট ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানান শ্রেণিপেশার কয়েকশ’ মানুষ অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে অতিথিরা তাদের সাফল্য তুলে ধরবেন এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করবেন।
সম্মেলনটির আয়োজন করেছে ক্যারিয়ার ফর ডেভেলপিং ম্যানেজমেন্ট এক্সিলেন্স (সিডিএমই)। তাদের সহযোগী হিসেবে আছে কুয়েট, এস্যুরেন্স ডেভেলপমেন্ট এবং গাজী মেডিক্যাল কলেজ হাসপাতাল।
/জেএইচ/








