সিরাজগঞ্জে চিকিৎসকের ভুলে দুলালী খাতুন (৩২) নামে এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় একটি বেসরকারি প্যাথলজির ম্যানেজারকে পুলিশ আটক করলেও অভিযুক্ত চিকিৎসক আনিছুর রহমান পলাতক রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন।
বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে নগর স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক আনিছুর রহমানের নিজ চেম্বারে অপারেশনের সময় ওই রোগীর মৃত্যু হয়। মৃত দুলালী খাতুন সদর উপজেলার মেছড়া ইউনিয়নের রুপসার চর গ্রামের মৃত কিনু সেখের মেয়ে।
নিহতের স্বজনদের অভিযোগ, নাকের পলিপাস রোগের চিকিৎসার জন্য দুলালীকে শহরের ইসলামিয়া কলেজ রোডের সেন্টার প্যাথলজিতে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসক ডা. আনিছুর রহমান তাকে অপারেশনের জন্য শহরের মিরপুর এলাকার নগর স্বাস্থ্যকেন্দ্রে নিতে বলেন। অপারেশনের পর রোগীর জ্ঞান না ফেরায় চিকিৎসক নিজেই রোগীকে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি হেলাল উদ্দিন জানান, আনিসুর রহমানের ভুল চিকিৎসাতেই ওই রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাহেব আলীকে আটক করা হয়েছে। ঘটনার পর থেকেই আনিছুর রহমান পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে দুলালী খাতুনের ভাই জহুরুল ইসলাম বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেছেন।
/এমএ/








