সীতাকুণ্ডের প্রেমতলার জঙ্গি আস্তানা ‘ছায়ানীড়’ থেকে উদ্ধার করা ১৮টি বোমা নিষ্ক্রিয় করেছেন চট্টগ্রামের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা। রবিবার (১৯ মার্চ) এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নূরে আলম মিনা।
নূরে আলম মিনা বলেন, ‘জঙ্গিদের ভাড়া করা তিন রুমের ফ্ল্যাটের দুই নম্বর রুম থেকে মোট ২৫টি বোমা উদ্ধার করা হয়। এর মধ্যে ৭টি শনিবার নিষ্ক্রিয় করা হয়। অবশিষ্ট ১৮টি আজ (রবিবার) নিষ্ক্রিয় করা হয়।’
তিনি আরও বলেন, ‘এ পর্যন্ত যে সব জঙ্গি আস্তানার খোঁজ পাওয়া গেছে, তার মধ্যে এটাই সবচেয়ে বড় বলে ধারণা করছি। এখানে প্রচুর অস্ত্র মজুদ আছে। এখনও একটি রুম অনুসন্ধান করা যায়নি। সেটি সোমবার (২০ মার্চ) করা হবে।’
জঙ্গি আস্তানা থেকে পাওয়া লিফলেট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, ‘জঙ্গিদের মধ্যে ভাগ-উপভাগ থাকলেও তাদের লক্ষ্য ও উদ্দেশ্য একই। দাওয়াতুল ইসলাম নামে ওই লিফলেটে একটি নতুন বিষয় দেখা গেছে, যা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
তিনি বলেন, ‘ছায়ানীড়ে’ নিহত চার জঙ্গির মধ্যে স্বামী-স্ত্রী পরিচয়দানকারীদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে এসে শনাক্ত করেছেন তাদের স্বজনরা। তবে তারা লাশ গ্রহণের ব্যাপারে কিছু বলেননি। মিরপুর থেকে নিখোঁজ হওয়াদের নিহত দুই জঙ্গি বলে মনে করা হচ্ছে। তাই মিরপুর থানায় মেসেজ পাঠানো হয়েছে, যেন তাদের পরিবার এসে লাশগুলো শনাক্ত করে। তারা যদি লাশ শনাক্ত না করে, তাহলে তাদের ডিএনএ প্রোফাইলিং করে রাখা হবে।’
/জেবি/এমএ








