কক্সবাজারে মানব পাচারকারী সন্দেহে ছয় জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে দুই মিয়ানমার নাগরিকও আছে। রবিবার (১৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে শহরের এন্ডারসন সড়কের যমুনা গেস্ট হাউজে তারা ধরা পড়ে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বাংলা ট্রিবিউনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের একটি দল যমুনা গেস্ট হাউজে সন্দেহভাজন ছয় জনের অবস্থানের খবর পায়। তারা মানব পাচারের সঙ্গে সম্পৃক্ত আছে বলেও জানতে পারে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর সেখানে গিয়ে তাদের আটক করেন তারা।
পুলিশ নিশ্চিত করেছে, আটককৃতদের মধ্যে উখিয়ার কুতুপালং ক্যাম্পের দুই নিবন্ধিত রোহিঙ্গা (মিয়ানমার নাগরিক) রয়েছে। বাকি চার জন বাংলাদেশি। তাদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।
আটককৃতরা কক্সবাজার থেকে নতুনভাবে মানব পাচার শুরুর চেষ্টা করছিল বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। তাদেরকে এখন জিজ্ঞাসাবাদ করছে জেলা পুলিশ।
/জেএইচ/








