ঝিনাইদহের শৈলকুপার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উসমান গনি এখনও স্কুলে যান। নিজের দাফতরিক কাজ শেষে প্রায় প্রতিদিন সময় করে শহর বা প্রত্যন্ত প্রামের একটি স্কুলে যান তিনি। তবে তিনি ক্লাস করতে নয়, স্কুলের শিক্ষার্থীদের শৃঙ্খলা শেখাতে যান। শিক্ষকদের নিয়মিত পড়াশুনা করার মানসিকতা তৈরির লক্ষ্যেই তিনি এ কাজ করেন।
জানা গেছে, স্কুলে গিয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনাও করেন। তবে গুরুত্ব দেন শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও জুতা পরে স্কুলে আসার ব্যাপারে। স্কুল ড্রেস ও জুতা পড়ে আসার পাশাপাশি ক্লাস শুরু হওয়ার আগে নিয়মিত পিটি-প্যারেডের বিষয়েও সকলকে উদ্যোগী করেন। ফলে বিভিন্ন স্কলের শিক্ষার্থীদের মধ্যে ফিরছে শৃঙ্খলা, এমনকি শিক্ষকদের মধ্যেও নিয়ম করে সব দায়িত্ব পালনের হার বাড়ছে।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, ইউএনও স্যার প্রতিদিন কোনও না কোনও স্কুল আকস্মিক পরিদর্শন করেন। সেখানে যদি কোনও অনিয়ম হয় তাহলে তার জবাবদিহিতা করতে হয়। তার এ কাজে উপজেলার শিক্ষার মান উন্নত হচ্ছে।
তারা আরও বলেন, যোগাযোগ না করেই তিনি পরিদর্শনে চলে আসেন। এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। আর শিক্ষকদের নির্দেশ দেন স্কুলের পূর্ণ শৃঙ্খলা ফিরিয়ে আনার। তার এ উদ্যোগকে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ উপজেলাবাসী সাধুবাদ জানিয়েছে। যোগদানের পর থেকেই তিনি শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন।
জানা গেছে, কাজে যোগ দেওয়ার পর থেকে তিনি বিভিন্ন প্রকল্প পরিদর্শন, ত্রাণ বিতরণ, ব্রিজ নির্মাণের কাজ তদারকি, দোকান মালিক সমিতির সঙ্গে মতবিনিময়, ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন, শিক্ষার মানোন্নয়নে পরিকল্পনা প্রস্তুত, মা সমাবেশে যোগদান, ন্যায্য মূল্যে খাদ্যশস্য বিতরণ কার্যক্রম তদারকি, বিসিআইসি সার ডিলার ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়, বাল্য বিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে বিশেষ উদ্যোগ গ্রহণ, ইউপি সচিবদের সঙ্গে মতবিনিময়, দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, আন্তর্জাতিক নারী দিবস পালন, বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায়, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময়, গ্রাম পুলিশ, দফাদার, মহল্লাদারদের সঙ্গে সভা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে অনুদান প্রদান, বিভিন্ন সরকারী দিবস ও কর্মসূচি পালনসহ নানা ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন।
উল্লেখ্য, মো. উসমান গনি এ বছর দেশ সেরা এসিল্যান্ডের পুরস্কার অর্জন করেছেন। এর পর পদোন্নতি পেয়ে শৈলকুপাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দেন।
/এসএনএইচ/








