যে কারণে জটিল ‘অপারেশন ম্যাক্সিমাস’

নুরুজ্জামান লাবু, মৌলভীবাজার থেকে
৩১ মার্চ ২০১৭, ২৩:১৩আপডেট : ৩১ মার্চ ২০১৭, ২৩:১৩

বড়হাটের জঙ্গি আস্তানা মৌলভীবাজারে বড়হাট জঙ্গি আস্তানায় পরিস্থিতি জটিল হওয়ায় ‘অপারেশন ম্যাক্সিমাস’ স্থগিত করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। পর্যবেক্ষণ করে দেখা গেছে, ডুপ্লেক্স বাড়িটির একাধিক ঘর, জানালার মজবুত ও রঙিন কাচ এবং ভেতরে প্রচুর বিস্ফোরক থাকায় যুতসইভাবে অভিযান চালাতে পারছে না সোয়াট টিম।

শুক্রবার (৩১ মার্চ) সন্ধ্যা নেমে আসায় আলোস্বল্পতার কারণেও প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়েছে সোয়াটের কারণে। সেই সঙ্গে দিনভর থেমে থেমে বৃষ্টিতে বৈরী আবহাওয়া তাদের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এসব কারণে ৬৮ ঘণ্টা পেরিয়ে গেলেও অভিযান শেষ করা সম্ভব হয়নি।

জানা গেছে, বাগানবাড়ির আদলে সাজানো বড়হাটের ডুপ্লেক্স বাড়িটির চারপাশে গাছপালা। পেছনের দিকে ধানক্ষেত। ড্রোন ব্যবহার করে দেখা গেছে, অনেক কামরা আছে এই বাড়িতে। মূল বাড়ি লাগোয়া নির্মাণাধীন কামরা আছে দুই-তিনটি। বাড়ির ভেতর এসব কামরায় একাধিক জঙ্গি রয়েছে।

পুলিশের ধারণা, বাড়িটির ভেতরে প্রচুর বিস্ফোরক ছড়ানো-ছিটানো রয়েছে। বৃহস্পতি ও শুক্রবার দিনভর থেমে থেমে ভেতর থেকে বিস্ফোরণ ঘটিয়েছে জঙ্গিরা। ধারণা করা হচ্ছে, ভেতরে এখনও ৪-৫ জঙ্গি আছে। এই আস্তানায় প্রশিক্ষিত ও দক্ষ বোমা তৈরির কারিগর আছে। সে আফগান ফেরত জঙ্গি বলে ধারণা সিটিটিসি ইউনিটের।

বড়হাটের এই বাড়ির জানালাগুলো শক্তিশালী কাচের তৈরি বলে জানা গেছে। প্রায় বুলেটপ্রুফের মতো! সিটিটিসি ইউনিটের গুলি এসব কাচে ঢুকলেও খুব মজবুত হওয়ার কারণে তা ভেঙে পড়েনি। আর কাচগুলো রঙিন হওয়ায় প্রতিকূলতা তৈরি করেছে সোয়াট টিমের জন্য।

সিটিটিসি ইউনিট জানিয়েছে, অভিযানের শুরুতেই ভেতর থেকে প্রতিরোধের চেষ্টা করেছে জঙ্গিরা। তারও আগে ঘেরাওয়ের সময় থেকে একাধিক বিস্ফোরণ ঘটিয়েছে তারা। গুলিও করেছে। ইতোমধ্যে এর মূল ফটক ভাঙা হয়েছে এপিসি (আরমার্ড পারসোনাল ক্যারিয়ার) দিয়ে।

যদিও ‘অপারেশন ম্যাক্সিমাস’ স্থগিত ঘোষণার পর শুক্রবার রাত ৮টার পর এই আস্তানায় আরও তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সোয়াট টিমের সদস্যরা বাড়িটিকে লক্ষ্য করে ২০-২৫ রাউন্ড গুলি চালায়।

এর আগে পরদিন (১ এপ্রিল) সকাল পর্যন্ত বড়হাটের জঙ্গি আস্তানায় অভিযান স্থগিত করা হয়েছে বলে শুক্রবার সন্ধ্যায় জানান পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। মৌলভীবাজারে ‘অপারেশন ম্যাক্সিমাস’ বিষয়ে প্রেস ব্রিফিংকালে তিনি বলেন, ‘অভিযান চলমান আছে। তবে আজ অন্ধকার হয়ে যাওয়ায় আগামীকাল শনিবার সকাল পর্যন্ত অভিযান স্থগিত করা হয়েছে। সকালে আবহাওয়া ভালো থাকা সাপেক্ষে পুনরায় অভিযান শুরু করা হবে।’

সিটিটিসি প্রধান সাংবাদিকদের আরও বলেন, ‘অভিযানটি সকাল থেকে চলমান ছিল। অন্ধকার হয়ে যাওয়ায় স্থগিত করা হয়েছে। আগামীকাল সকালে আবার অভিযান শুরু হবে। জঙ্গিরা ভেতর থেকে কিছু বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। আমাদের সোয়াট দল ভেতরে ঢোকার চেষ্টা করলেই জঙ্গিরা ভেতর থেকে বিস্ফোরণ ঘটিয়েছে। আমরা ধারণা করছি, প্রচুর বিস্ফোরক রয়েছে তাদের কাছে। অপারেশনটি অপেক্ষাকৃত একটু জটিল। যে বাড়িটিতে তারা অবস্থান নিয়েছে, সেই বাড়িতে অনেক কক্ষ রয়েছে। এ কারণে এই অভিযান শেষ হতে আরও কিছু সময় লাগবে। বাড়িটি এখনও ঘিরে রাখা হয়েছে।’

গত ২৮ মার্চ মধ্যরাত থেকে বড়হাটের বাড়িটি ঘিরে রাখে পুলিশ। শুক্রবার সকাল ৯টা ৫২ মিনিটে এখানে শুরু হয় অভিযান। এরপর দিনভর থেমে থেমে চলে গুলি ও বিস্ফোরণ। অভিযান চলাকালে জঙ্গি আস্তানার বাইরে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম জানান, সার্বিক পরিস্থিতি অনুযায়ী জটিলতার ব্যাপকতা বোঝাতে এ অভিযানের নাম ‘অপারেশন ম্যাক্সিমাস’।

/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম