লালমনিরহাটের পাটগ্রামে কালোবাজারের বিক্রির সময় ১০ টাকা কেজির খাদ্যবান্ধব কর্মসূচির ৭ বস্তা চাল জব্দ করেছে থানা পুলিশ। রবিবার (২ এপ্রিল) বিকালে উপজেলার বুড়িমারী বাজারের মেসার্স মামা-ভাগিনা স্টোরে অভিযান চালিয়ে চাল উদ্ধার করা হয়।
পাটগ্রাম থানা পুলিশ জানায়, বুড়িমারী এলাকার ডিলার দুলাল হোসেন সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি থেকে ১০ টাকা কেজির চাল কালোবাজারে বিক্রি করে দিচ্ছেন, এমন খবর আসে তাদের কাছে। এর ভিত্তিতে ওই বাজারের মেসার্স মামা-ভাগিনা স্টোরে অভিযান চালিয়ে ৭ বস্তা চাল উদ্ধার করা হয়। তবে ডিলার দুলাল বা দোকান মালিক আবু সাঈদ মুন্সীকে আটক করতে পারেনি পুলিশ।
পাটগ্রাম থানার ওসি (তদন্ত) মাহফুজ আলম চাল উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বুড়িমারী ইউনিয়ন চেয়ারম্যান এএসএম নেওয়াজ নিশাত বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিষয়টি তদন্ত করে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে বলে জেনেছি। ফলে এ ব্যাপারে এখনই কোনও মন্তব্য করতে পারছি না।’
এদিকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতাধীন বুড়িমারী বাজারের ডিলার দুলাল হোসেনের মোবাইল ফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
/জেএইচ/








