গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার জঙ্গি জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে সে স্বীকার করেছে, উত্তরবঙ্গের জঙ্গি তৎপরতারয় সে নেতৃত্ব দিয়েছে। কয়েকটি কিলিং মিশনেও তার সংশ্লিষ্টতা ছিল।
বুধবার দুপুরে সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এসএম তাসকিনুল হক তার জবানবন্দি রেকর্ড করেন।
গত বৃহস্পতিবার জঙ্গি রাজীব গান্ধিকে ওই মামলায় পাঁচ দিনের রিমান্ডে নেয় ডিবি পুলিশ। রিমান্ড শেষে তাকে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য আদালতে হাজির করা হয়। এছাড়া জঙ্গি রাজীব গান্ধী ২০১৫ সালের ২ জুন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পল্লী চিকিৎসক মাহাবুবর রহমান ডিপটি হত্যা ও ২০১৫ সালের ১৯ জুলাই সাঘাটা উপজেলার বসন্তের পাড়া গ্রামে ফজলে রাব্বী নামে এক জেএমবি সদস্যকে গুলি করে হত্যার ঘটনায় একই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন।
গাইবান্ধা গোয়েন্দো পুলিশ (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ‘রাজীব গান্ধীর বিরুদ্ধে ২০১৬ সালে গোবিন্দগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়। ওই মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে গত বৃহস্পতিবার হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। পরে বিচারক শুনানি শেষে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।’
রাজীব গান্ধী ঢাকার গুলশান হলি আর্টিজান বেকারিতে হামলার অন্যতম পরিকল্পনাকারী। তার বাড়ী গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পশ্চিম রাঘবপুর এলাকার ভূতমারি গ্রামে। তিনি স্কুল শিক্ষক মাওলানা ওসমান গণি মণ্ডলের ছেলে।
/এসএনএইচ/








