বাবুগঞ্জে পল্লী নারীদের দারিদ্র্যজয় দেখে অভিভূত ড্যানিশ রাজকুমারী

বরিশাল প্রতিনিধি
০৬ এপ্রিল ২০১৭, ০৩:০৫আপডেট : ০৬ এপ্রিল ২০১৭, ০৩:০৫

বাবুগঞ্জে পল্লী নারীদের দারিদ্র্যজয় দেখে অভিভূত ড্যানিশ রাজকুমারী

কঠোর নিরাপত্তা ও গোপনীয়তার মধ্য দিয়ে অবহেলিত পল্লী জনপদের নারীদের দারিদ্র্য জয়ের গল্প শুনতে এবং তাদের ভাগ্যবদলের চিত্র স্বচক্ষে দেখতে বাবুগঞ্জ সফর করলেন ডেনমার্কের রাজকুমারী প্রিন্সেস ম্যারি।

বুধবার বেলা পৌনে ১১ টায় সেনাবাহিনীর দুটি বিশেষ হেলিকপ্টারে করে প্রিন্সেস ম্যারিসহ তার ৩৭ জন সফরসঙ্গী বরিশাল বিমানবন্দরে পৌঁছান। এসময় বিমানবন্দরে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান বাবুগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার রায় ও স্থানীয় দেহেরগতি ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান।

বাবুগঞ্জ থানার ওসি মো. আবদুস সালাম জানান, নিরাপত্তাজনিত কারণে তার এই সফরের গোপনীয়তা বজায় রেখে অতিথি উপস্থিতি সীমিত ও নির্ধারিত করা হয়। রাজকুমারীর ব্যক্তিগত ড্যানিশ নিরাপত্তারক্ষী ছাড়াও বাবুগঞ্জ ও বিমানবন্দর থানার ওসির নেতৃত্বে চার প্লাটুন পুলিশ নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।

পুলিশি প্রহরায় ডেনমার্কের প্রিন্সেস ম্যারি ও তার সফরসঙ্গীদের প্রকল্প এলাকা দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামে নিয়ে যাওয়া হয়। এসময় সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাকুদিয়া গ্রামের কৃষক মাঠ স্কুল, বিভিন্ন কৃষি খামার পরিদর্শনকালে রাজকুমারীর সঙ্গে ডেনমার্কের উন্নয়ন বিষয়ক মন্ত্রী মিসেস উল্লা টরনায়েস, বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত মাইকেল উইনথার ছাড়াও রাজকুমারীর নিরাপত্তা কর্মকর্তা, ডেনমার্কের পররাষ্ট্র, উন্নয়ন ও কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা ও ড্যানিশ সাংবাদিকসহ ৩৭ জনের একটি প্রতিনিধি দল ছিলেন।

এরপর তিনি রাকুদিয়া গ্রামের পল্লী নারীদের সাথে কৃষক মাঠ স্কুলে এক মতবিনিময় শেষে পায়ে হেঁটে বিভিন্ন খামার ও বাড়ি পরিদর্শন করেন। এসময় প্রায় আড়াই ঘণ্টা তিনি গ্রামের নারী কৃষাণীদের সাথে আন্তরিক সময় কাটান। বাড়ি বাড়ি গিয়ে এসময় ক্ষুদ্র কৃষি খামারের মাধ্যমে স্বাবলম্বী হওয়া বিভিন্ন নারীদের মুখে তাদের দারিদ্র্য জয়ের গল্প শোনেন ড্যানিশ রাজকুমারী।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডেনমার্কের রাজকুমারী প্রিন্সেস ম্যারি বলেন, পল্লী নারীদের ঘুরে দাঁড়ানো দেখে আমি অভিভূত হয়েছি। বাড়িতে ক্ষুদ্র কৃষি খামার গড়ে তুলে তারা নিজেদের স্বাবলম্বী করার মাধ্যমে পরিবারের অভাব দূর করেছেন। নিজেদের সাহস, আত্মবিশ্বাস ও শ্রম দিয়ে দারিদ্র্য জয় করেছেন যা আজ সত্যিই উন্নয়নের একটি মডেল।

এ সময় প্রিন্সেস ম্যারি আরো বলেন, বাংলাদেশের সাথে উন্নয়ন সহযোগী দেশ হিসেবে কাজ করছে ডেনমার্ক। বাংলাদেশ দ্রুত উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। উন্নয়ন বন্ধু হিসেবে সবসময় এদেশের পাশে থাকবে ডেনমার্ক।

দুপুর দেড়টার দিকে প্রিন্সেস ম্যারি ও তার সফরসঙ্গীরা রাকুদিয়া গ্রামের নারীদের সাথে মতবিনিময় শেষে এলজিইডির ড্যানিডা প্রকল্পের রাস্তা এবং কয়েকটি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। বিকেলে একই হেলিকপ্টারে বরিশাল ত্যাগ করেন ড্যানিশ রাজকুমারী ও তার সফরসঙ্গীরা।

/এমএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম