রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে আরিফ আহসান সজিব (২১) নামে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত সজিব সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
বুধবার রাত আটটার দিকে নগরীর দড়িখড়বোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তার বাড়ি নগরীর তেরখাদিয়া এলাকায়। বাবা মাহবুবুল হোসেন একজন প্রকৌশলী। তাদের গ্রামের বাড়ি রাজশাহীর গোদাগাড়ীতে।
স্থানীয়রা জানান, নগরীর দড়িখরবোনা এলাকায় রেল লাইনে সজিব কানে হেডফোন লাগিয়ে মোবাইলে কথা বলছিলেন। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী একটি ট্রেন আসলেও সজিব লক্ষ্য করেনি। পরে স্থানীয় লোকজনদের কয়েকজন তাকে সরে দাঁড়াতে বললেও সে শুনতে না পেলে ট্রেন ধাক্কা দেয়। এ সময় ট্রেনের সঙ্গে বেধে তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়।
সজিবের মামা মোস্তাফিজুর রহমান জানান, সজিবের বাবা মাহবুবুর রহমান সিলেট পল্লী বিদ্যুতে চাকরি করেন। মা নার্গিস ফেরদৌসী ১৫ দিন ধরে সেখানেই আছেন। সজিবদের তেরখাদিয়া এলাকায় বাড়িটির নির্মাণের কাজ চলছে। সেজন্য তারা দড়িখরবোনা কাদিরগঞ্জ গ্রেটার রোড মসজিদ রেল লাইনের পাশে একটি বাড়ি ভাড়া নেয়। সেখানে তারা কয়েকমাস ধরে আছেন।
তিনি আরও জানান, রেল লাইনের পাশে একটি দোকানে তেরখাদিয়ায় নির্মিত বাড়ির লোহার গ্রিল বানানোর জন্য সজিব টাকা দিয়ে লাইনের ধারে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় দুর্ঘটনাটি ঘটে।
রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন জানান, আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
/এমএইচ







