বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের পৃষ্টপোষকতায় দেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেয় বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে দেশে জঙ্গিবাদের উত্থানের পথ প্রশ্বস্ত হয়। এরপর চারদলীয় জোটের পৃষ্টপোষকতায় তা মাথাচাড়া দেয়।’
শুক্রবার (৭ এপ্রিল) সকাল ১১টার দিকে নীলফামারী শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান নূর বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে চলেছে, তখন নানা ষড়যন্ত্রে মেতে উঠেছে বিএনপিসহ জোটের অন্যান্য দল। জঙ্গিবাদের মন্ত্রে তারা কোমলমতি ছেলেমেয়েদের বিভ্রান্ত করছে, তাদের আত্মঘাতী করে তুলছে।’
তিনি আরও বলেন, ‘দেশে কৃষি বিপ্লব ঘটেছে। খাদ্যদ্রব্য এখন রফতানি হচ্ছে। মানুষকে আর না খেয়ে থাকতে হয় না। তাই উত্তরাঞ্চলের বদনাম মঙ্গা শব্দটিও আর শুনতে হয় না।’
দলীয় নেতাকর্মীদের সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘সংগঠন করে ঘরে বসে থাকলে হবে না। সরকারের উন্নয়নের বার্তা গ্রামের মানুষের কাছে তুলে ধরতে হবে।’
/এমএ/








