বর্তমান সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকতে আইনশৃঙ্খলা বাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পর থেকেই বিএনপি নেতাকর্মীদের হয়রানি করছে। পুলিশকে অন্যায়ভাবে ব্যবহার করে বিএনপি নেতাকর্মীদের আটক, গ্রেফতার ও নির্যাতন করছে।’
শুক্রবার (৭ এপ্রিল) রাত ৯টায় ঠাকুরগাঁও শহরের পৌর কমিউনিটি সেন্টারে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাথে মতবিনিময় সভায় এসব কথা করেন তিনি।
ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দেশে খুন-গুম-অপহরণ বেড়েই চলেছে। এসবের পেছনে সরকারদলীয় লোকজন জড়িত। অবৈধভাবে ক্ষমতায় থাকতে তারা এসব অপকর্ম করছে।’
তিনি আরও বলেন, ‘গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় আন্দোলনের বিকল্প নেই। তাই রাজপথে নামবে বিএনপি। এ যাত্রায় দলমত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করুন।’
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- আইনজীবী আব্দুল হালিম, সারোয়ার হোসেন, এন্তাজুল হক এন্তাসহ অনেকে।
/এমএ/








