ডেইলি অবজারভারের সিলেট প্রতিনিধি সরদার আব্বাস ও দৈনিক সকালের খবরের শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সৈয়দ নবীউল আলম দিপু’র ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও বিচার দাবি করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস)।
রবিবার জাবিসাসের সভাপতি মওদুদ আহম্মেদ সুজন এবং সাধারণ সম্পাদক শরীফুল কবীর শামীম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে জাবিসাস নেতৃবৃন্দ বলেন, শনিবার বিকেলে শাবি ক্যম্পাসে ঘুরতে আসা এক কিশোরীর কতিপয় বখাটে কর্তৃক উত্যক্তের খবর পেয়ে উপরোক্ত দুই সাংবাদিক নেতাসহ কতিপয় সাংবাদিক ঘটনাস্থলে ছুটে যান এবং এর প্রতিবাদ করেন। পরে রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবের সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক ফুডকোর্টে চা খেতে গেলে দেশি অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা শাবি শাখা ছাত্রলীগের কর্মী বলে আমরা জানতে পেরেছি।
সাংবাদিক নেতারা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ইন্ধন ছাড়া কোনও ছাত্রের পক্ষে এই ধরণের হামলা করা সম্ভব না। হামলাকারীরা যে দলেরই হোক না কেন, আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার, প্রচলিত আইনে মামলা ও গ্রেফতার দাবি করছি।
জাবিসাস নেতারা আহত সাংবাদিক ও শাবি প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ নবীউল আলম দিপু এবং সাধারণ সম্পাদক সরদার আব্বাসের প্রতি সমবেদনা জানান।
জাবিসাস দাবি আদায়ে যেকোনো আন্দোলন কর্মসূচিতে সংশ্লিষ্ট সাংবাদিকদের সঙ্গে একাত্মতা প্রকাশ ও পাশে থাকবে বলেও তারা জানান।
/এসএনএইচ/








