‘ক্লাস নিলেই শিক্ষকের দায়িত্ব শেষ হয় না, শিশুদের স্বপ্ন দেখাতে হবে’

বগুড়া প্রতিনিধি
১০ এপ্রিল ২০১৭, ১৭:৩৯আপডেট : ১০ এপ্রিল ২০১৭, ১৭:৫৫

গ্লোবাল টিচার পুরস্কার বিজয়ী শাহনাজ পারভীন

স্কুলে গিয়ে শুধু আট ঘণ্টা ক্লাস নিলেই একজন শিক্ষকের দায়িত্ব শেষ হয় না উল্লেখ করে গ্লোবাল টিচার পুরস্কার বিজয়ী শাহনাজ পারভীন বলেন, সমাজের সুবিধা বঞ্চিত, ঝরে পড়া ও প্রতিবন্ধী শিশুদের শিক্ষার ব্যবস্থা করতে হবে। ওইসব শিশুদের স্বপ্ন দেখাতে হবে, নিজেকেও স্বপ্ন দেখতে হবে। একটি ভালো লক্ষ্য নিয়ে অগ্রসর হলে শিশুদের পাশাপাশি নিজেও প্রতিষ্ঠিত হওয়া যাবে। ’ রবিবার বিশ্বসেরা ৫০ শিক্ষকের পুরস্কার বিজয়ী শেরপুর উপজেলা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাহনাজ পারভীনের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

নিজের পেশায় অনবদ্য ভূমিকা রাখার পাশাপাশি সমাজের সুবিধা বঞ্চিত পথশিশু, প্রতিবন্ধী শিশু ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের শিক্ষাদানে অবদান রাখায় তিনি বিশ্বসেরা শিক্ষক-২০১৭ (গ্লোবাল টিচার প্রাইজ) পুরস্কারের জন্য মনোনীত হন। মধ্যপ্রাচ্য ভিত্তিক ভারকি ফাউন্ডেশন ২০১৫ সালে ‘গ্লোবাল টিচার পুরস্কার’ প্রবর্তন করা হয়। সংস্থাটির পক্ষ থেকে তৃতীয়বারের মত এ পুরস্কার দেওয়া হয়। বিশ্বের ১৭৯টি দেশ থেকে ২০ হাজার শিক্ষক আবেদন করেন। সর্বশেষ বিভিন্ন দেশের ৫০ জন এ তালিকায় আসেন। শাহনাজ পারভীন প্রথম বাংলাদেশি হিসেবে গ্লোবাল টিচার পুরস্কারের জন্য মনোনিত হন। গত ১৯ মার্চ দুবাইয়ে জাকজমকপূর্ণ এক অনুষ্ঠানে বাংলাদেশের শাহনাজ পারভীনের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়েছে। ওই অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শিক্ষা সচিব মঞ্জুরুল হোসেনসহ দেশি-বিদেশি অনেক অতিথি উপস্থিত ছিলেন। এসময় তিনি বিশ্বের নামকরা বেশ কয়েকটি গণমাধ্যমে সাক্ষাৎকার দেন। পরে তিনি সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজে অংশ নেন।

‘ক্লাস নিলেই শিক্ষকের দায়িত্ব শেষ হয় না, শিশুদের স্বপ্ন দেখাতে হবে’

শাহনাজ পারভীন জানান, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতে গিয়ে দেখতে পান অর্থ সংকটসহ নানা কারণে অনেক শিশু লেখাপড়া করতে পারছে না। আবার কেউ শুরু করলেও ঝরে পড়ছে। অনেক প্রতিবন্ধী শিশু শিক্ষার আলো থেকে বঞ্চিত রয়েছে। এ কারণে তাদের জন্য কিছু করার উদ্দেশে তিনি স্বামী, দুই মেয়ে, মা ও পরিবারের সদস্যদের নিয়ে ২০১৩ সালে শেরপুরের শান্তিনগর এলাকার নিজ বাড়িতে একটি বিদ্যালয়টি চালু করেন। তার বিদ্যালয়ের নাম ‘শেরপুর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়’। শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত  শ্রমজীবী, প্রতিবন্ধী, সুবিধা বঞ্চিত এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের এখানে ভর্তি করা হয়। তাদের পোশাক, বই ও টিফিনসহ প্রয়োজনীয় জিনিসপত্র তার স্কুল থেকে দেওয়া হয়। বর্তমানে তার স্কুলে ২১৫ জন শিক্ষার্থী রয়েছে। ৭ জন শিক্ষক দুপুর ২.৩০ থেকে সাড়ে ৬টা পর্যন্ত পাঠদান করেন।

তিনি আরও জানান, নানা কৌশলে ও খেলার মাধ্যমে ওইসব শিশুকে লেখাপড়া করানো হয়। গত বছরের ১২ ডিসেম্বর স্কুলটি শিশু কল্যাণ ট্রাস্টের অনুমোদন লাভ করেছে। এখানে অনেক ছোট পরিসরে বাচ্চাদের লেখাপড়া করানো হয়। এখানে কোনও মাঠ নেই। তাই ডিসপ্লে করার জন্য জায়গায় নিয়ে যেতে হয়।

স্কুল নিয়ে তার পরবর্তী লক্ষ্য সম্পর্কে তিনি জানান, যেসব শিশু এখান থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করবে। তাদের জন্য মাধ্যমিক স্কুল ও কলেজ করার পরিকল্পনা রয়েছে। তা না হলে তারা আবার ঝরে পড়তে পারে।

গ্লোবাল টিচার পুরস্কার পেতে কী সাধনা করতে হবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, একটা লক্ষ্য নিয়ে অগ্রসর হতে হবে। পাশাপাশি কঠোর পরিশ্রম করতে হবে। লক্ষ্য ছাড়া সেরা হওয়া যায় না। তিনি এই বিদ্যালয়কে শুধু শেরপুর উপজেলায় নয়, জেলার অন্য উপজেলাসহ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে দিতে চান। এজন্য সমাজের সর্বস্তরের শিক্ষানুরাগীদের এগিয়ে আসার আহ্বান জানান।

বিকালে তার স্কুলে গিয়ে দেখা যায়, তিনি প্রজেক্টর ব্যবহার করে এবং বিভিন্ন কৌশলে ও খেলার মাধ্যমে শিশুদের পড়াচ্ছেন। তাৎক্ষণিকভাবে তাদের কাছ থেকে পড়া আদায় করছেন।

‘ক্লাস নিলেই শিক্ষকের দায়িত্ব শেষ হয় না, শিশুদের স্বপ্ন দেখাতে হবে’

শেরপুর উপজেলা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স. ম. গোলাম মোস্তফা জানান, সহকারী শিক্ষিকা শাহনাজ পারভীন একজন আদর্শ শিক্ষক। তিনি মায়ের মমতা ও স্নেহ দিয়ে শিশুদের পড়িয়ে থাকেন। তিনি খুব পরিশ্রমী। তার বড় গুণ হচ্ছে, তিনি যে কাজ ধরেন সেটা সফলতার সঙ্গে শেষ করেন।

বগুড়ার শাজাহানপুর উপজেলার পশ্চিম দত্তপাড়ার মাদ্রাসা শিক্ষক মৃত মানিক উল্লাহ ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নুরজাহান বেগমের তিন মেয়ের মধ্যে শাহনাজ পারভীন প্রথম। তার জন্ম ১৯৭৬ সালে। ১৯৮৫ সালে মায়ের কর্মস্থল শেরপুরের উলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণীতে বৃত্তি লাভ করেন। ১৯৯০ সালে শেরপুর শহীদিয়া কামিল মাদ্রাসা থেকে ট্যালেন্টপুলে বৃত্তিসহ প্রথম শ্রেণীতে দাখিল (এসএসসি) পাশ করেন। পরের বছর ওই মাদ্রাসার আরবী প্রভাষক ও শেরপুরের সাধুবাড়ি এলাকার মোহাম্মদ আলীর সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের সময় তার বাবা-মা মেয়ের লেখাপড়া যাতে বন্ধ না হয় তার জন্য জমি লিখে দেন। স্বামী ও শাশুড়ির অনুপ্রেরণায় তিনি লেখাপড়া চালিয়ে যান। ১৯৯২ সালে ওই মাদ্রাসা থেকে তিনি আলিম (উচ্চ মাধ্যমিক) পাশ করেন। তিনি মাদ্রাসা বোর্ডে মেয়েদের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন। ভালো ফলাফলের পরও রক্ষণশীল পরিবারে বিয়ের কারণে শাহনাজ বাইরে গিয়ে উচ্চ শিক্ষা নিতে পারেননি। বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে ইসলামের ইতিহাসে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরে প্রথম শ্রেণীতে বিএড ও এমএড পাশ করেন। তিনি ২০০৩ সালের ৫ জুন শেরপুর উপজেলা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে যোগদান করেন। এরমধ্যে তিনি দুই মেয়ের মা হন। তার বড় মেয়ে মাসুমা মরিয়ম ঢাকা বিশ্ববিদ্যালয়ে দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে অনার্স এবং ছোট মেয়ে আমিনা মুমতারিন শ্রেয়া বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ৭ম শ্রেণিতে পড়ছে।

শিক্ষকতায় ভালো করার জন্য ২০০৯ সালে উপজেলা, ২০১০ সালে জেলা ও ২০১৩ সালে তিনি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদা লাভ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে পদক প্রদান করেন। শিক্ষা জীবনে শাহনাজ পারভীন বিভিন্ন সাময়িকীতে লেখালেখি করতেন। শিক্ষকতা পেশায় আসার পরও তিনি বিভিন্ন পত্রিকায় গল্প, কবিতা, প্রবন্ধ-নিবন্ধ লেখেন। ২০১০ সালে তিনি ‘প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন মানসম্মত শিক্ষা অর্জনে ব্যর্থ’ বিষয়ের উপর গবেষণাপত্র ‘অনুসন্ধান’ রচনা করেন। ২০১৪ সালে ‘পাখির মুখে ফুলের হাসি’ নামে একটি ছড়ার বই প্রকাশ করেন। তিনি ২০১৫-১৬ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব লিডার হওয়ার গৌরব অর্জন করেন। ২০১৫ সালে আইসিটি প্রশিক্ষণে সাতদিনের জন্য ইন্দোনেশিয়ায় সফর করেন।

/জেবি/

আরও পড়তে পারেন: রাউধার মৃত্যুতে সহপাঠীর বিরুদ্ধে হত্যা মামলা

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের