মানিকগঞ্জের দৌলতপুরে বৈশাখী মেলার স্টল বরাদ্দ নিয়ে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের মধ্যে সংঘর্ষে কম পক্ষে ৭ জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে আওয়ামী লীগ কার্যালয়ের অভ্যন্তরে সংঘর্ষের ঘটনাটি ঘটে।
সংঘর্ষে আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। তবে দৌলতপুর মতিলাল ডিগ্রি কলেজ শাখার সভাপতি ওবায়দুর রহমানকে ঢাকার পঙ্গু হাসপাতালে ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিনকে আশংকাজনক মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বৈশাখী মেলা উপলক্ষে স্থানীয় একটি স্কুল মাঠে স্টল বরাদ্দ নিয়ে দলীয় নেতাদের মধ্যে বনিবনা না হওয়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস বলেন, ‘বৈশাখী মেলা উপলক্ষে স্থানীয় স্কুল মাঠে স্টল বরাদ্দ নিয়ে সংঘর্ষ হয়।
সূত্রমতে, বৈশাখী মেলার স্টল বরাদ্দ নিয়ে যুবলীগ সাধারন সম্পাদক হুমায়ুন কবীর ও তার অনুসারী ছাত্রলীগের নেতা কর্মী নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস আলোচনায় বসেন। একপর্যায়ে উপস্থিত বেশ কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী তার সঙ্গে বানবিতণ্ডায় জড়িয়ে পরেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, সংঘর্ষের সঙ্গে বৃহস্পতিবার থানার সামনে অনুষ্ঠিত একটি ঐতিহ্যবাহী মেলায় চাঁদা উঠানোর ঘটনার যোগসূত্র ছিলো।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান জানান, ‘সংঘর্ষের ঘটনায় এখনও কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
/এসএনএইচ/








