‘ভয়ঙ্কর অভিজ্ঞতা’ নিয়ে আতিয়া মহল ছাড়লেন ভাড়াটিয়ারা

তুহিনুল হক তুহিন, সিলেট
১৫ এপ্রিল ২০১৭, ১৪:১১আপডেট : ১৫ এপ্রিল ২০১৭, ১৪:৪৬

জঙ্গি আস্তানা আতিয়া মহল

‘নিজের সারা জীবনের সঞ্চয় আর ব্যাংক থেকে ঋণ নিয়ে গড়েছিলাম পাঁচ ও চারতলা বিশিষ্ট দুটি ভবন। স্ত্রীর নামে ভবন দুটির নাম দিয়েছিলাম আতিয়া মহল। কিন্তু, কোত্থেকে জঙ্গিরা আসায় সেনাবাহিনীর প্যারা কামান্ডো দলের অভিযানের সময় দুটি ভবনই মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচতলা ভবনটি। সেদিকে তাকালে এখন খাঁ খাঁ করে বুক। এ দুই ভবনের ভাড়ার টাকায় সংসারের খরচ চলেছে, ছেলেমেয়েদের পড়াশুনা করিয়েছি, তাদের বিয়ে থাও দিয়েছি। কিন্তু এখন কীভাবে ব্যাংকের বাকি ঋণ পরিশোধ করবো, সেই চিন্তায় অস্থির হয়ে আছি।’ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বাংলা ট্রিবিউনকে কথাগুলো বলেন আতিয়া মহলের মালিক উস্তার আলী।

আতিয়া মহলের বাসায় নিজের সাজানো সংসার তছনছ দেখে কাঁদছেন এক ভাড়াটিয়া

এদিকে আতিয়া মহলের ২৮টি পরিবারের প্রায় সবাই নতুন ঠিকানায় চলে গেছেন। গত সপ্তাহে পুলিশ তাদের মালপত্র বুঝিয়ে দেওয়ার পর অনেকেই অভিযোগ করেন, তাদের আসবাবপত্র ব্যবহারের অনুপযোগী; টাকা-পয়সা-স্বর্ণসহ মূল্যবান জিনিসপত্র গায়েব। আর জঙ্গি আস্তানা সন্দেহে অভিযানের সময় থানায় নিয়ে যাওয়াসহ যে ভয়ঙ্কর অভিজ্ঞতা তাদের হয়েছে এবং বাড়িটির এখন যে অবস্থা সে আতঙ্ক মাথায় রেখে এই বাড়িতে আর থাকতে চান না ভাড়াটিয়াদের কেউই। এ ছাড়াও এর পাশের চার তলা ভবন থেকেও চলে যেতে শুরু করেছে কয়েকটি পরিবার।

আতিয়া মহল ছেড়ে যাচ্ছেন ভাড়াটিয়ারা

গত ২৩ মার্চ মধ্যরাতে আতিয়া মহলে জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ। ওই রাত থেকে ভবনটি ঘিরে রাখার পর ২৫ মার্চ সকাল থেকে ‘অপারেশন টোয়াইলাইট’ শুরু করেন সেনাবাহিনীর প্যারাকমান্ডোরা। প্রথমে আতিয়া মহলের ৩০টি ফ্ল্যাটে আটকে পড়া ২৮টি পরিবারের ৭৮ জন সদস্যকে নিরাপদে উদ্ধার করা হয়। পরে শুরু হয় জঙ্গিবিরোধী অভিযান। ২৮ মার্চ অভিযান শেষে চার জঙ্গি নিহতের খবর জানায় সেনাবাহিনী। অভিযান চলাকালে ২৫ মার্চ আতিয়া মহলের কাছেই পাঠানপাড়ায় বিস্ফোরণে র‌্যাব ও পুলিশ কর্মকর্তাসহ ৭ জন নিহত হন।

বাংলা ট্রিবিউনকে উস্তার আলী বলেন, ‘সাত শতক জমির ওপর নির্মিত পাঁচতলা ভবনটিতে ৩০টি ইউনিট রয়েছে। প্রতি মাসে ওই সব ইউনিট থেকে ভাড়াবাবদ প্রায় সাড়ে তিন লাখ টাকা পেতাম। এখন ভবনটি বসবাসের অনুপযুক্ত হয়ে যাওয়ায় ভাড়াটিয়ারা বিদায় নিয়েছে। চারতলা ভবনের অবস্থা অতোটা নাজুক না হলেও সেখানেও থাকতে চাইছে না পুরনো ভাড়াটিয়ারা। নতুনদের পাওয়া তো অনেক দূরের ব্যাপার।’

গুলিতে ঝাঁঝড়া দেয়াল

উস্তার আলী বলেন, ‘চলতি বছরের ফেব্রুয়ারি মাসে জঙ্গিরা পরিচয় গোপন করে বাসা ভাড়া নিয়েছিল। মাসে ৮ হাজার টাকায় পাঁচতলা ভবনের নিচ তলার ২/৪ নং ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিল তারা। এক মাসের অগ্রিম ভাড়াও দিয়েছিল। অন্যান্য ভাড়াটিয়ার সঙ্গে খুব কমই মেলামেশা করতো। বোঝার উপায় ছিল না, ওরা ভয়ঙ্কর অপরাধী। ২৩ মার্চ এদের ব্যাপারে পুলিশ আমাকে জানায়। এরপর তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করেছি।’

সিলেট আমদানি-রফতানি অফিসে ক্লার্ক হিসেবে চাকরি শুরু করেন উস্তার আলী। পরে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে অবসর নেন। তার পাঁচ ছেলে ও দুই মেয়ে রয়েছে। বড় ছেলে ইকবাল আলী পেশায় চিকিৎসক। এক ছেলে কয়লা ব্যবসায়ী, অপর একজন নগরীর পূর্ব জিন্দাবাজারে আতিয়া ট্রাভেলস চালান। বাকি দুই ছেলে পড়াশুনা করছেন। দুই মেয়েকে অনেক আগেই বিয়ে দিয়েছেন।

উস্তার আলী বলেন, ‘গত কয়েক দিনে অন্তত ৮ থেকে ১০ জন প্রকৌশলীকে পাঁচতলা ভবনটি দেখিয়েছি। তারা জানিয়েছেন, মূল ভিত্তি ঠিক আছে। তবে দেয়ালগুলো আবার তৈরি করতে হবে। এর জন্য খরচ পড়বে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা।’

সিটি করপোরেশনের ২৭ নং ওয়ার্ডের গোটাটিকর মৌজার শিববাড়ি এলাকায় ওই দুটি ভবন নির্মাণ করেন বলে জানান উস্তার আলী। চার তলা ভবন থেকে ৫-৬টি বাড়াটিয়ারা পরিবার চলে যাবে বলে তাকে জানিয়েছে।

ভাড়াটিয়াদের আর্তনাদ

আতিয়া মহলের দ্বিতীয় তলায় প্রায় দেড় বছর ধরে বসবাস করে আসছিলেন শিরিন আক্তার। প্যারা কমান্ডো দলের অভিযান শুরু হওয়ার পর জীবন রক্ষার জন্য মূল্যবান জিনিসপত্র রেখে রুম তালা দিয়ে বেরিয়ে আসেন তিনি। মঙ্গলবার (১১) এপ্রিল যখন পুলিশ তালিকা অনুসারে ভাড়াটিয়াদের নিজ নিজ ইউনিটের মালামাল বুঝিয়ে দিচ্ছিল তখন টাকা ও স্বর্ণ খোয়া যাওয়ার অভিযোগ করেন ওই গৃহবধূ। 

আতিয়া মহলের বাইরে পুড়ে যাওয়া মোটর সাইকেল

আতিয়া মহলের আরেক সাবেক বাসিন্দা শিরিন আক্তার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আলমারি থেকে ৩ ভরি স্বর্ণ ও ৩৮ হাজার টাকা খোয়া গেছে। পুলিশকে বলছি, কিন্তু এসব বিষয় তারা কানে নেয়নি। এছাড়াও ফ্রিজ, টিভিও পাইনি।’ তার আট বছরের শিশুটি জানায়, তার মাটির ব্যাংকে জমানো টাকাও কেউ নিয়ে গেছে।

আতিয়া মহলের তৃতীয় তলায় পরিবার নিয়ে থাকতেন শাহানা বেগম। গত ১১ এপ্রিল ওই বাসা ছেড়ে চলে গেছেন। আবার তিনি বুধবার (১২ এপ্রিল) বেলা আড়াইটার দিকে আতিয়া মহলের নিজ ইউনিটে আসেন। প্রতিটি কক্ষে ভালো করে খোঁজেন তার স্বর্ণালংকার ও টাকা। প্রায় আধঘণ্টা খোঁজাখুজির পর কোনও কিছু না পেয়ে হতাশ শাহানা জানান, প্রায় দুই মাস আগে তার বিয়ে ঠিক হয়েছে। এ মাসের ২৪ এপ্রিল তার বিয়ে। বিয়ে উপলক্ষে তিনি কিছু টাকা জমিয়ে গয়না তৈরি করেছিলেন। সেই সঙ্গে আসবাবপত্রও কিনেছিলেন নতুন সংসারের জন্য। তিনি বলেন, ‘গয়নার মধ্যে ১টি পুড়ে যাওয়া আংটি পেলেও নাক ও কানের গয়নাগুলো পাইনি। আর আসবাবপত্র বেশিরভাগই পুড়ে গেছে।’

দেয়াল বলছে কী ঘটেছিল এই বাড়িটিতে
আতিয়া মহলের চতুর্থ তলার বাসিন্দা শিপা বেগম বলেন, ‘কিছুই বলার নেই। যা জমিয়ে ছিলাম সেগুলো আর খুঁজে পাচ্ছিনা। সব কিছু খোয়া গেছে। আইশৃঙ্খলা বাহিনী আমাদের নিরাপত্তা দিলেও আমাদের মালের নিরাপত্তা দিতে পারেনি।’

আতিয়া মহলের পাশের একটি প্লাস্টিক কারখানার মালিক বদরুল আলম বলেন, ‘কারখানার সব শেষ। পুঁজি থাকবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। কারাখানার দামি মেশিনগুলোই এখন বিকল। আতিয়া মহলে অভিযান চলার পর এ পর্যন্ত প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। এছাড়াও অনেক মালামাল লুটও হয়েছে। সেগুলোর কোনও হদিস পাচ্ছি না।’

পাঠানপাড়ার মুদির দোকানদার জাহাঙ্গীর আহমদ জানান, ‘১৯ দিন পর দোকান খুলেছি। অনেকেই দোকান থেকে বাকি নিচ্ছেন। মনে হয় যেন এখানে যুদ্ধ শেষ হয়েছে। কিছুটা স্বস্তিতে আছি তবে ভয়ও লাগে।’

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার জেদান আল মুসা (গণমাধ্যম) জানান, ‘আমাদের কাছে অনেকেই তাদের মূল্যবান জিনিসপত্র খোয়া যাওয়ার বিষয়ে অভিযোগ করছেন। কিন্তু প্রথমে অভিযান শুরু করে সেনাবাহিনীর প্যারা কামান্ডো। আর পরে অভিযান শুরু করে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা। পুলিশ শুধু নিরাপত্তার দায়িত্বে ছিল।  ১০ এপ্রিল বিকালে র‌্যাব পুলিশের কাছে আতিয়া মহল হস্তান্তর করে আনুষ্ঠানিকভাবে। ক্ষতিগ্রস্তদেরকে পরামর্শ দেওয়া হয়েছে জেলা প্রশাসক, সিটি করপোরেশন ও সমাজসেবা অফিসে ক্ষতিপূরণ চেয়ে আবেদন করার জন্য।’

/এমএ/এফএস/টিএন/  

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম