গাইবান্ধা জেলায় হঠাৎ করে কালবৈশাখী ঝড়ে কাঁচা ঘরবাড়ি, গাছপালা ও আধাপাকা ইরি-বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে জেলায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ঝড়ের কারণে জেলা শহরসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
শনিবার বিকাল সাড়ে চারটা থেকে পাঁচটা পর্যন্ত টানা আধাঘণ্টার ঝড়ে জেলার সদর উপজেলাসহ সাত উপজেলার প্রত্যন্ত এলাকার কাঁচা ঘরবাড়ি, গাছপালা ও আধাপাকা ইরি ও বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া ঝড়ে বিভিন্ন এলাকার বৈদ্যুতিক খুঁটি ও তার ছিড়ে যাওয়ায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।
সরেজমিনে সাদুল্যাপুর উপজেলায় বিভিন্ন এলাকায় দেখা যায়, ঝড়ে কাঁচা ঘরবাড়ি ভেঙে গেছে। জমির আধাপাকা ইরি-বোরো ধানের জমির ধান গাছ নষ্ট হয়েছে। এছাড়া বাড়িঘরে ও রাস্তার পাশের ছোটবড় অসংখ্য গাছপালা ভেঙে গেছে। সেই সঙ্গে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের দেয়াল ভেঙে পড়েছে।
তবে সাদুল্যাপুর উপজেলার মধ্যে দামোদরপুর, কামারপাড়া, নলডাঙ্গা ও জামালপুর ইউনিয়নে ব্যাপকভাবে কাঁচা ঘরবাড়ি ও গাছপালা ভেঙে গেছে। এরমধ্যে সাদুল্যাপুর উপজেলা শহরের গ্রামীণ ব্যাংক সংলগ্ন সাবু মিয়ার রাইচ মিলের টিনের চাল উড়ে গেছে। এতে রাইচ মিলের বেশ কিছু শুকনা ধান নষ্ট হয়েছে।
সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আহ্সান হাবীব জানান, ‘ঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। ক্ষতির পরিমাণ নির্ধারণে প্রতিটি ইউপি চেয়ারম্যানসহ কৃষি বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে ।’
/এপিএইচ/








