বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ‘বিএনপি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, একইসঙ্গে আন্দোলনেরও প্রস্তুতি নিচ্ছে। আগামী জাতীয় নির্বাচনে কারচুপি হলেই দেশে আন্দোলন শুরু হবে। সে আন্দোলনে শেখ হাসিনাকে পরাজিত করে ঘরে ফিরবে বিএনপির নেতাকর্মীরা।’
বৃহস্পতিবার (৪ মে) বিকালে লালমনিরহাটের জেলা পরিষদ মিলনায়তনে জেলা বিএনপির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বীকারই করে নিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জিততে না পারলে অবৈধভাবে অর্জিত সম্পদ নিয়ে তার দলের নেতাকর্মীরা পালানোর পথ খুঁজে পাবে না।’
তিনি আরও বলেন, ‘কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে কারচুপি করেও সরকারি দলের প্রার্থী জিততে পারেননি। জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু পরিবেশে ভোটাররা ভোটকেন্দ্রে আসতে পারলে ভোটবিপ্লব ঘটবে। এটা টের পেয়ে শেখ হাসিনার অধীনে নির্বাচনে যেতে চাইছে আওয়ামী লীগ। এজন্য তারা নানা ধরনের কারচুপির ডিজিটাল নীল নকশা তৈরির ষড়যন্ত্র করছেন। আমরা অপেক্ষায় আছি সরকারের চেতনার জাগ্রত হবে।’
প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে তিনি বলেন, ‘শেখ হাসিনা ভারতের কাছে সবকিছু দিয়ে এসেছেন; কিছুই আনতে পারেননি। বিএনপির সময় তিস্তায় পানিপ্রবাহ ছিল ৩ হাজার কিউসেক। কিন্তু এখন বিএনপি সরকারে না থাকায় উদ্যোগের অভাবে পানিপ্রবাহ দেড়শ’ কিউসেকে নেমে গেছে।’
বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান, হাতীবান্ধা উপজেলা বিএনপির আহবায়ক মোশাররফ হোসেন, লালমনিরহাট সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান একেএম মমিনুল হক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এমএ হালিম, ছাত্রদলের সভাপতি মহিউদ্দিন আহমেদ লেমনসহ অনেকে।
/এমএ/








