গোপালগঞ্জে এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে ৫ থেকে ৭ টাকা বেড়েছে। ফলে চাল কিনতে হিমসিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা।
ব্যবসায়ীরা জানান, ভারিবৃষ্টি ও জোয়ারের পানিতে দেশের বিভিন্ন এলাকায় বোরো আবাদ তলিয়ে গেছে। তাই বাজারে নতুন ধান না আসায় চালের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
গোপালগঞ্জের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, গুটি স্বর্ণা চাল ৪০ টাকা, ৪৯ ধানের চাল ৪৫ টাকা, ২৮ চাল ৪৬ টাকা, মিনিকেট ৪৯ থেকে ৫৫ টাকা, বাঁশমতি ৬০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ গত সপ্তাহেও চাল ভেদে কেজিতে ৫ থেকে ৭ টাকা কমে বিক্রি হয়েছে।
মিল মালিকরা জানান, নতুন ধান কাটা শুরু হয়েছে। নতুন ধান না আসা পর্যন্ত চালের দাম কমবে না। নতুন ধান বাজারের আসার সঙ্গে সঙ্গে চালের দাম কিছুটা কমতে পারে।
জেলার কাশিয়ানি বাজারের খুচরা চাল বিক্রেতা জানাব আলী বলেন, চালের দাম বাড়ায় ক্রেতাদের সঙ্গে প্রায়ই বাকবিতণ্ডা হচ্ছে।
একই বাজারের চাল ক্রেতা ও দিনমজুর মুজিবর হোসেন ও জামিল শেখ বলেন, কয়েকদিন আগেও যে চাল ৩৩/৩৫ টাকায় কিনেছি এখন সেটা ৪৪/৪৬ টাকায় কিনতে হচ্ছে। ফলে চাল কিনতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে।
গোপালগঞ্জের আড়পাড়ার চাল কল মালিক মিয়া আরিফুজ্জামান রিফু বলেন, বৈরী অবহাওয়ার কারণে বাজারে ধান সংকট দেখা দিয়েছে। নতুন ধান বাজারে আসলেই চালের দাম কমে যাবে।
/এসএনএইচ/








