সুন্দরবনের গাছ পাচারের দায়ে এক বন কর্মকর্তাসহ চার বনরক্ষীকে বরখাস্ত করেছে খুলনা বন বিভাগ। রবিবার (৭ মে) দুপুরে বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সাইদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বরখাস্ত হওয়া বন কর্মকর্তার নাম আব্দুর রউফ। তিনি পূর্ব-সুন্দরবনের চাদপাই রেঞ্জের জোংড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা। আর বনরক্ষীরা হলেন- শেখ আলী আহম্মদ, বিধান চন্দ্র মহলদার এবং সুলতান হাওলাদার মন্টু (বোটম্যান)।
বনবিভাগ সূত্রে জানা গেছে, গত ২৮ ও ২৯ এপ্রিল জোংড়া ক্যাম্প থেকে সুন্দরবনের সুন্দরী এবং বাইনসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে পাচার করা হয়। এই ঘটনার সঙ্গে আব্দুর রউফ, বনরক্ষী আলী আহম্মদ, বিধান চন্দ্র এবং সুলতান হাওলাদারের জড়িত থাকার অভিযোগ পাওয়া যায়। বিষয়টি খুলনা বিভাগীয় প্রধান বন সংরক্ষককে জানানো হয়। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
ডিএফও সাইদুল ইসলাম জানান, অধিকতর তদস্ত চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে বন আইনে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, গত শুক্রবার (৫ মে) সুন্দরবনের ঢাংমারী স্টেশন এলাকা থেকে পাচারের সময় ৫শ’ ঘটনফুট সুন্দরী গাছ জব্দ করে বনবিভাগ। তবে এর সাথে জড়িতদের আটক করা যায়নি।
/এমএ/








