মাদারীপুরের বড় বাড্ডা এলাকা থেকে ১৩টি হাতবোমা, ৩টি ঢাল ও ৩১টি দেশি অস্ত্র উদ্ধার করেছে সদর থানা পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে সেলিম হাওলাদার নামের এক তরুণকে আটক করা হয়। রবিবার দুপুরে এসব বোমা ও অস্ত্র উদ্ধার করা হয়।
জানা যায়, এক সপ্তাহ আগে সদর উপজেলার মোস্তফাপুরের বড় বাড্ডায় বোমা ফাটিয়ে কয়েক একর জমির ধান কেটে নেয় খলিল হাওলাদারের লাঠিয়াল বাহিনী। আবারও ওই বাহিনী এলাকায় অস্ত্র ও বোমা নিয়ে হামলার প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে লাঠিয়াল বাহিনীর লোকজন পালিয়ে যায়। এ সময় পুলিশ খলিল হাওলাদারের বাড়ির পুকুরের পাশে কলাগাছের ঝোপের মধ্য থেকে ১৩টি হাতবোমা, দেশি অস্ত্র ও ঢাল উদ্ধার করে। পরে সেগুলো মাদারীপুর সদর থানায় নিয়ে আসে।
মাদারীপুর সদর থানার এসআই শাহিন হোসেন বলেন, ‘দেশি অস্ত্র ও বোমার রাখার ঘটনায় জড়িত সন্দেহে সেলিম হাওলাদার নামের একজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।’
/এসএনএইচ/








