যশোরের অভয়নগরে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় দুই বাসযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। মঙ্গলবার রাত ১০টা ৪৫ মিনিটের দিকে তালতলা ইঞ্জিনিয়ারিং গেটের লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। অভয়নগর থানার তদন্ত শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত দুইজনের নাম- কদবানু (৫২) ও নূর জাহান (৫০)। তারা দুজনই মনিরামপুর উপজেলার মনোহরপুর গ্রামের বাসিন্ধা। আহত ২০ জনের মধ্যে গুরুতরদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
ওসি আব্দুর রহিম জানায়, খুলনা থেকে রেলওয়ের একটি ইঞ্জিন যশোরের দিকে যাচ্ছিল। এদিকে, আকিজ জুট মিলের একটি শ্রমিকবাহী বাস মনিরামপুরের দিকে যাচ্ছিল। তালতলা ইঞ্জিনিয়ারিং গেটে পৌঁছে লেভেল ক্রসিং পার হতে গেলে বাসটিকে রেলের ইঞ্জিনটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।
জেলা রেলওয়ের স্টেশন ম্যানেজার পুষ্পল কুমারও একই কথা জানান। তিনি বলেন, রেল নয়; রেলের একটি ইঞ্জিনের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটেছে।
স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার সময় তালতলা ইঞ্জিনিয়ারিং গেটের লেভেল ক্রসিংয়ে কোনও গেটম্যান ছিল না।
/এমএ/টিআর/








