রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের বেণীপুর গ্রামে জঙ্গি আস্তানায় আত্মসমর্পণ করা সুমাইয়ার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (১৪ মে) বেলা ১১টায় রাজশাহী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুল ইসলাম এই রিমান্ড মঞ্জুর করেন।
আদালতের কাছে সুমাইয়ার ১৫ দিনের রিমান্ড আবেদন করেছিলেন অপারেশন সান ডেভিলের ঘটনায় দায়ের করা মামলার তদন্তের দায়িত্বে থাকা গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আলতাব হোসেন। শুনানি শেষে বিচারক সুমাইয়ার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, শনিবার সন্ধ্যায় গোদাগাড়ী থানার উপপরিদর্শক (এসআই) নাঈমুল হক গোদাগাড়ী থানায় সুমাইয়াসহ ১৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
বুধবার (১০ মে) দিবাগত রাত থেকেই গোদাগাড়ীর ওই জঙ্গি আস্তানা ঘিরে রাখে পুলিশ। পরদিন সকালে ওই আস্তানায় শুরু হয় অপারেশন সান ডেভিল। অভিযানে পুলিশের বারবার আহ্বানের পর অভিযান শুরুর কয়েক ঘণ্টা পর আত্মসমর্পণ করে সুমাইয়া। সে গোদাগাড়ীর আস্তানায় অভিযানে নিহত জঙ্গি সাজ্জাদের মেয়ে। সুমাইয়ার স্বামী জহুরুল ইসরামকে পাঁচ মাস আগে নাশকতার মামলায় জেএমবি সদস্য হিসেবে গ্রেফতার করে পুলিশ।
এদিকে, শনিবার (১৩ মে) বিকালে কোয়ান্টাম ফাউন্ডেশনের মাধ্যমে রাজশাহীর হেতেম খাঁ গোরস্থানে বেওয়ারিশ হিসেবে অপারেশন সান ডেভিলে নিহত পাঁচ জনের লাশ দাফন করা হয়েছে।
/টিআর/








