আগামী জাতীয় নির্বাচনে সব রাজনৈতিক দল অংশ নেবে বলে আশাবাদ প্রকাশ করেছেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। তিনি বলেছেন, ‘নির্ধারিত সময়ের আগেই নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠান করবে। নির্বাচন বর্তমান সরকারের অধীনে হলেও তা সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।’
বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও পিরোজপুর উপজেলায় সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন হচ্ছে। যারা বর্তমান সরকারের বিরোধীতা করেন, তারাও একথা স্বীকার করছেন। বাংলাদেশকে এখন আর বিদেশীদের মুখাপেক্ষী হতে হয় না। নিজেদের অর্থেই আজ এ দেশ স্বয়ংসম্পূর্ণ।’
তিনি আরও বলেন, ‘যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে, এটা অব্যাহত থাকলে ২০২১ সালের আগেই এদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে, ২০৪১ সালের আগেই উন্নত দেশে রূপান্তরিত হবে।’
সমাবেশে প্রধান অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরী। তিনি বলেন, বড় দল হিসেবে আওয়ামী লীগের ভেতর বিভেদ থাকতেই পারে। তারপরও আগামী নির্বাচনে এ দলটি বিএনপির কাছে পরাজিত হবে না। তবে আওয়ামী লীগের যেসব মন্ত্রী ও সংসদ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে তাদের লাগাম টেনে ধরতে না পারলে কী হবে তা বলা যাচ্ছে না।’
ইঞ্জিনিয়ার শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন- পর্যটন করপোরেশনের সাবেক চেয়ারম্যান খন্দকার রাশেদুল হক ও রাজনৈতিক বিশ্লেষক মোমেন সরকার। এসময় সোনারগাঁওয়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
/এমএ/








