বর্তমান সরকার আবারও অবৈধ কায়দায় ক্ষমতায় আসতে বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, ‘গত নির্বাচনে বিএনপিকে বাইরে রেখে আওয়ামী লীগ যেভাবে ক্ষমতায় আসে আগামী দিনে সেটা হতে দেওয়া হবে না। আগামী নির্বাচনে কারচুপি রোধে ভোটকেন্দ্র পাহারা দেবে বিএনপি নেতাকর্মী। বিএনপি অনিয়মতান্ত্রিকভাবে ক্ষমতায় যাবে না; জনগণের ভোটেই দুই-তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় যাবে।’
মঙ্গলবার (৩০ মে) বিকালে জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘এক সময় ষড়যন্ত্রকারীরা ভেবেছিল, জিয়াউর রহমানকে হত্যা করলে বিএনপির রাজনীতি শেষ হয়ে যাবে। সেটা হয়নি কিন্তু। এদেশের জনগণই বিএনপিকে ভোট দিয়ে তিন তিন বার রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছে। আবারও বসাবে। আর সেটা বুঝতে পেরে আওয়ামী লীগ সরকার নানান ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।’ এসব ষড়যন্ত্র ঠেকাতে দ্বন্দ্ব ও ভেদাভেদ ভুলে বিএনপি নেতাকর্মীদের কাজ করার আহ্বানও জানান তিনি।
দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘বর্তমান একনায়কতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। সেজন্য ই্উনিয়ন পর্যায়েও সাংগঠনিক তৎপরতা বাড়াতে হবে।’
জেলা বিএনপির সভাপতি এমএ সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী রেজা বাবুর পরিচালনায় আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুন্ডু ও নির্বাহী কমিটির সদস্য ওয়াহিদুজ্জামান দিপু। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপি নেতা অ্যাড. মোজাফ্ফর রহমান আলম, এসকেন্দার হোসেন, অ্যাড. আব্দুল হাই, এমএ ওয়াদুদ মুক্ত, খান মতিউর রহমান, অ্যাড. শাহাদাৎ হোসেন, অ্যাড আসাদুজ্জামান, হেদায়েত হোসেন লিটন , হাফিজুর রহমান হাফিজ, মেহেবুবুল আলম কিশোর, আইয়ুব আলী মোল্লা বাবুসহ অনেকে।
/এমএ/








