নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে নির্বাচনমুখী বাজেট নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘অনেকে ভাবতে পারে নির্বাচনকে সামনে রেখে দেওয়া এ বাজেট নির্বাচনমুখী। কিন্তু আসলে তা নির্বাচনমুখী বাজেট নয়। আগামী নির্বাচনের আগে আরও একটি বাজেট আছে। তাই ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট মূলত পরবর্তী প্রজন্মকে গঠন করার বাজেট।’
বৃহস্পতিবার (১ জুন) সন্ধ্যায় কক্সবাজারে ঘূর্ণিঝড় ‘মোরা’য় ক্ষতিগ্রস্ত এলাকার ত্রাণ তৎপরতা দেখতে ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল কক্সবাজার পৌঁছায়। এরপর বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের একথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের ‘ভিশন ২০২১’কে সামনে রেখে এ বাজেট ঘোষণা করা হয়েছে। এটা দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। এ বাজেট হচ্ছে ব্যবসাবান্ধব, কৃষিবান্ধব, গরীববান্ধব ও উন্নয়নবান্ধব বাজেট।’
এসময় আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহবুবুল আলম হানিফ, আব্দুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং এমপিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি দলটির (আজ) শুক্রবার কক্সবাজারের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করার কথা রয়েছে।
/এমএ/








