বর্তমান সরকার দেশে জঙ্গিবাদ ইস্যু তৈরি করে বিএনপিকে ঘায়েল করার রাজনীতি শুরু করেছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার। তিনি বলেছেন, ‘দেশে সংসদ আছে, কিন্তু সেই সংসদে নেই কেবল বিরোধী দল। এটা কেমন সংসদ, যেখানে জনগণের ভালো-মন্দ নিয়ে কোনও কথা হয় না! বিরোধী দলবিহীন এ প্রহসনের সংসদ আর জনগণ দেখতে চায় না।
শুক্রবার (২ জুন) জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বরিশাল মহানগর বিএনপি আয়োজিত অশ্বিনী কুমার টাউন হলের আলোচনা সভা ও দোয়া-মোনাজাতের অনুষ্ঠানে তিনি একথা বলেন।
অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার বলেন, ‘বিএনপি দেশে জঙ্গিবাদের উত্থান দেখতে চায় না। সরকারই দেশে জঙ্গিবাদ ইস্যু তৈরি করে বিএনপিকে ঘায়েল করার রাজনীতি শুরু করেছে। এদেশের জনগণ আওয়ামী লীগকে সে সুযোগ আর দেবে না।’
তিনি আরও বলেন, ‘দেশে গণতন্ত্র, অর্থাৎ জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনা না হলে শান্তি প্রতিষ্ঠিত হবে না; দুর্নীতি আর অন্যায়-অবিচার চলতেই থাকবে।’
কেন্দ্রীয় বিএনপির যুগ্ম-মহাসচিব বলেন, ‘১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানকে আওয়ামী লীগের লোকেরাই হত্যা করেছিল। আর আওয়ামী লীগের অনুগত সেনাবাহিনীই জিয়াউর রহমানকে হত্যা করার জন্য বন্দি করেছিল। ৭ নভেম্বর জনতা জিয়াউর রহমানকে মুক্ত করে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছিল।’
তিনি বলেন, ‘দলের আদর্শ বিসর্জন দিয়ে ভোটের জন্য আওয়ামী লীগ যতই দুয়ারে দুয়ারে ধরনা দিক না কেন, গণতন্ত্র ছাড়া দেশের মানুষের শান্তি আসবে না, প্রতিষ্ঠিত হবে না আইনের শাসন ও ন্যায় বিচার।’
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে মজিবুর রহমান সরোয়ার বলেন, ‘দলে মতভেদ থাকতে পারে। তাই বলে ঐক্য নষ্ট করে নয়। আগামীতে সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে স্বৈরাচারী আওয়ামী লীগকে হটানোর জন্য প্রস্তুত থাকতে হবে।’
আলোচনা সভা ও দোয়া-মোনাজাতে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মেজবাউদ্দিন ফরহাদ, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান ফারুক, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর জিয়া উদ্দিন সিকদার, মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক আনয়ারুল হক তারিন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাড. আলি আহমেদ, সাবেক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. নাজিম উদ্দিন আহমেদ পান্না, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক নুরুল আলম ফরিদ, মহানগর মহিলা দলের সভাপতি শামীমা আকবর, সাবেক যুবদল আহবায়ক খন্দকার আবুল হোসেন লিমন ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মাহাবুবুর রহমান পিন্টু।
/এমএ/








