রাঙ্গামাটির লংগদু উপজেলায় আদিবাসীদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন করেছে সম্মিলিত আদিবাসী ছাত্র সমাজ নামে একটি সংগঠন। রবিবার (৪ জুন) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়।
এর আগে সম্মিলিত আদিবাসী ছাত্র সমাজ বান্দরবানের পুরাতন রাজবাড়ির মাঠ থেকে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ-মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- ম্রো স্টুডেন্ট ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক অংম্লাং ম্রো, ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের সহ-সভাপতি সুশীল ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা স্টুডেন্ট অর্গানাইজেশনের জেলা সভাপতি অনিক তঞ্চঙ্গ্যা, খুমি স্টুডেন্ট ফোরামের সাংগঠনিক সম্পাদক রিউলং খুমি, মারমা স্টুডেন্ট কাউন্সিলের মহানগর সভাপতি লুমংপ্রু। মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা মারমা স্টুডেন্ট কাউন্সিলের সভাপতি অংথুই খই চাক।
মানববন্ধনে চাকা স্টুডেন্টস অর্গানাইজেশনের সভাপতি থোয়োইক্যজাই চাক হামলার ঘটনায় বসতভিটা ছেড়ে অন্য স্থানে আশ্রয় নেওয়া জুম্ম পরিবার গুলোকে প্রশাসন কর্তৃক নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে বসতভিটাতে ফিরিয়ে আনার দাবি জানান ।
স্টুডেন্ট অর্গানাইজেশনের জেলা সভাপতি অনিক তঞ্চঙ্গ্যা লংগদু উপজেলায় আদিবাসীদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্তদের সঠিক তালিকা প্রকাশ করে উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানান।
১ জুন দুপুরে খাগড়াছড়ি সদরের চারমাইল এলাকায় রাস্তার পাশের জঙ্গল থেকে লংগদু উপজেলার সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলাম নয়নের লাশ উদ্ধার করা হয়। ২ জুন সকালে তার লাশ নিয়ে এলাকায় বিক্ষোভ-মিছিল করা হয়। এসময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে কিছু লোক লংগদুর তিনটিলা পাড়া, বাত্যাপাড়া, উত্তর ও দক্ষিণ মানিকজুড় ও বড়াদম এলাকায় আধিবাসীদের বাড়িঘরে আগুন দেয়।
/এমএ/








