গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কামাল হোসেন জুয়েলের (৪০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) ভোরে জুয়েলের মৃত্যু হয়। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার, পার্ট-২ এর জেলার আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।
কামাল হোসেন জুয়েল পিরোজপুরের কাউখালী থানার কাউখালী উত্তরবাজার এলাকার পুলিশের সাবেক এএসপি মৃত আব্দুল মান্নান সরদারের ছেলে।
জেলার আনোয়ার হোসেন জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার একটি হত্যা মামলায় ২০০৮ সালে যাবজ্জীবন সাজা পান কামাল হোসেন জুয়েল। গত বছরের ২৫ মার্চ থেকে তিনি কারাগারে বন্দি ছিলেন। বৃহস্পতিবার ভোরে সেহেরি খাওয়ার পর হঠাৎ তিনি বুকে ব্যথা অনুভব করেন। এ অবস্থায় তাকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ভোর ৫টার দিকে সেখানকার কর্তব্যরত চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান আনোয়ার হোসেন।
/এমএ/








