গাজীপুরের কালিয়াকৈরে মুক্তিপণের দাবিতে একজন রং মিস্ত্রিকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। অভিযোগ পাওয়া গেছে, মুক্তিপণের টাকা না দেওয়ায় অপহৃত ওই রং মিস্ত্রির স্ত্রীকে গণধর্ষণ করেছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ শনিবার যুবলীগের এক নেতাসহ চার জনকে গ্রেফতার করেছে। গ্রেফতার ব্যক্তিরা হলো- গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে ডালিম হোসেন (২৫),তার ভাই পৌর যুবলীগ নেতা রাজীব হোসেন (২২),একই উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ দীঘিরপাড়া এলাকার মুক্তি দেওয়ানের ছেলে রবিন দেওয়ান (২৩) এবং একই এলাকার আব্দুল জলিলের ছেলে রিপন হোসেন (২৪)।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন তুহিন জানান, রবিন দেওয়ান তার বাড়িতে রং করার কথা বলে শুক্রবার (৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে স্থানীয় ওই রং মিস্ত্রিকে ডেকে নিয়ে কৌশলে অপহরণ করে অভিযুক্তরা। এরপর রবিন ও রাজীবসহ অপহরণকারীরা হাত-পা বেঁধে রং মিস্ত্রিকে বেধড়ক মারধর করে এবং তার পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অপহৃতের পরিবার মুক্তিপণের টাকা দিতে অপারগতা প্রকাশ করলে অপহরণকারীরা ক্ষুব্ধ হয়। এক পর্যায়ে রাতেই রং মিস্ত্রির স্ত্রীকে কৌশলে রবিনের বাড়িতে ডেকে এনে মারধর এবং মুক্তিপণের টাকা না দেওয়ায় পালাক্রমে ধর্ষণ করে। পরে গুরুতর অবস্থায় হাত-পা ও চোখ বেঁধে তাদের আটকে রাখা হয়। খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে পুলিশ অপহৃত রং মিস্ত্রি ও গণধর্ষণের শিকার তার স্ত্রীকে উদ্ধার করে। এসময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার জনকে আটক করা হয়।
মুক্তিপণের লক্ষ্যে অপহরণ ও গণধর্ষণের অভিযোগে ৯ জনকে আসামি করে শনিবার কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন ওই রং মিস্ত্রি। গ্রেফতার ব্যক্তিদের আদালতে প্রেরণ করা হয়েছে। গণধর্ষণের শিকার ওই নারী স্থানীয় একটি গার্মেন্টসের কর্মী। অপহৃতের স্বজনরা জানান,গ্রেফতার রাজীব হোসেন গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার সাত নম্বর ওয়ার্ড যুবলীগের নেতা।
কালিয়াকৈর থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ আলী জিন্নাহ জানান,মুক্তিপণের দাবিতে অপহরণ এবং গণধর্ষণের অভিযোগে চার জনকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণের শিকার নারীকে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
/এপিএইচ/








