পাঁচ দিন আগে ছিনতাই হওয়া এক লাখ ৫৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করেছে চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা পুলিশ। ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার এক আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে নগরীর অক্সিজেন পাঠানটুলি এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া এই টাকা উদ্ধার করা হয়। এ সময় পুলিশ রাজু নামে আরেক ছিনতাইকারীকে গ্রেফতার করে। বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন বিষয়টি নিশ্চিত করেছেন।
মোহাম্মদ মহসিন জানান,‘ছিনতাইয়ের ঘটনায় জড়িত জয়নন্দির আদালতে দেওয়া জবানবন্দির ভিত্তিতে অভিযান চালিয়ে তার সহযোগী রাজুকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে অক্সিজেন পাঠানটুলি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ছিনতাই হওয়া এক লাখ ৫৫ হাজার ৫০০ উদ্ধার করা হয়েছে।
ওসি বলেন, ‘শনিবার রাজুকে আদালতে প্রেরণ করা হয়েছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে ৫ দিনের রিমান্ড আবেদন করেছি।’
বায়েজিদ বোস্তামি থানা পুলিশ জানায়, গত ৫ জুন রুবেল নামে কোয়ালিটি ফ্যাশনের এক কর্মচারি চট্টগ্রাম নগরীর অক্সিজেন মোড়ের সাউথ ইস্ট ব্যাংক থেকে এক লাখ ৯৯ হাজার টাকা তুলে চা বোর্ড এলাকায় নিজ কর্মস্থলে যাচ্ছিলেন। এসময় জয়নন্দিসহ আরও দুজন ওই এলাকার স্টারশিপ গলির সামনে রুবেলকে ছুরির ভয় দেখিয়ে টাকাগুলো ছিনতাই করে নিয়ে যায়। পরে রুবেলের চিৎকার শুনে স্থানীয়রা বের হয়ে এসে জয়নন্দিকে আটক করে পুলিশ সপর্দ করে।
এ ঘটনায় ৬ জুন রুবেল থানায় মামলা দায়ের করেন। একই দিন আদালতে জবানবন্দি দেন গ্রেফতার জয়নন্দি। জবানবন্দিতে জয়নন্দি ছিনতাইয়ের বিষয়টি স্বীকার করে দুই সহযোগীর নাম পুলিশকে জানায়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে রাজুকে গ্রেফতার করে পুলিশ।
/এপিএইচ/








